২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াজিদি নারীর তথ্যে মসুলে ইরাকি বাহিনীর অগ্রগতি

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) অধিকৃত শহর মসুলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টারত ইরাকি বাহিনী আইএসের বন্দিদশা থেকে পালিয়ে আসা এক ইয়াজিদি নারীর কাছ থেকে তথ্য পেয়ে শহরের একটি এলাকা পুনরুদ্ধার করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 31 Dec 2016, 04:12 PM

Updated : 12 Apr 2022, 03:38 AM

শুক্রবার ইরাকি কমান্ডাররা এ কথা জানিয়েছেন।

৪২ বছর বয়সী ওই ইয়াজিদি নারীর নাম প্রকাশ করেনি ইরাকি বাহিনী। তিনি দুই বছর ধরে আইএসের হাতে বন্দি ছিলেন। ২০১৪ সালে আইএসের যোদ্ধারা উত্তর ইরাক দখল করে নেওয়ার সময় সিনজিরের নিজ বাড়ি থেকে ওই নারীকে অপহরণ করেছিল তারা।   

ওই সময় ইয়াজিদিদের শহর সিনজির দখল করে কয়েকশ ইয়াজিদিকে হত্যা করে জঙ্গিরা। ইয়াজিদিদের শয়তানের উপাসক অভিহিত করে ছয় হাজারেরও বেশি মানুষকে বন্দি করে নিয়ে যায়। 

তারপর থেকে কিছু ইয়াজিদি জঙ্গিদের কবল থেকে পালিয়ে আসে, কিছু বন্দিকে জঙ্গিরা নিজেরাই ছেড়ে দেয়। কিন্তু তারপরও প্রায় সাড়ে তিন হাজার ইয়াজিদি আইএসের হাতে বন্দি অবস্থায় রয়ে যায়।

এখন ইরাকে যুদ্ধের মোড় ঘুরে গেছে। দেশটিতে আইএসের শেষ শক্তিকেন্দ্র মসুল পুনরুদ্ধার করার চেষ্টা করছে ইরাকি বাহিনী।

এ অবস্থায় পালিয়ে আসা ওই নারী শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, তাকে মসুলের এক মহল্লা থেকে আরেক মহল্লায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু একসময় তাকে বন্দি করে রাখা আইএস জঙ্গিটি নিজেই পালিয়ে যায়। শহরের কুদস মহল্লায় ওই জঙ্গির মা-বাবার জিম্মায় তাকে রেখে যাওয়া হয়। 

পরে সেখানে থেকেই সে পালিয়ে আসে।

কালো হিজাবে মুখ ঢাকা ওই নারী বলেন, “রাত প্রায় ৩টার দিকে কয়েকটি পরিবারের সঙ্গে আমি পালিয়ে আসি।” 

তবে কবে তিনি পালিয়ে এসেছেন তা পরিষ্কার হওয়া যায়নি। বৃহস্পতিবার ইরাকি বাহিনী কুদস মহল্লার নিয়ন্ত্রণ নেয়।

মসুল পুনরুদ্ধারে নেতৃত্ব দেওয়া ইরাকি বাহিনীর অভিজাত কাউন্টার টেরোরিজম সার্ভিসের (সিটিএস) মেজর জেনারেল মান সাদি জানিয়েছেন, ওই নারীর দেওয়া তথ্য কুদস এলাকায় অভিযান চালানোর সময় কাজে লেগেছে। তার তথ্যেই এলাকাটি পুনরুদ্ধারে সক্ষম হয় ইরাকি বাহিনী।

আড়াই মাস আগে মসুল পুনরুদ্ধারে বড় ধরনের অভিযানে নামে ইরাকি বাহিনী। তারপর থেকে মসুলের এক চতুর্থাংশ পুনরুদ্ধার করলেও শহরটি থেকে আইএসের যোদ্ধাদের পুরোপুরি হটাতে পারেনি।

প্রায় মাসখানেক ধরে লড়াইয়ে অচলাবস্থা চলার পর চলতি সপ্তাহে শহরের পূর্বাংশে দ্বিতীয় পর্যায়ে তিন দিক থেকে ফের আক্রমণে নেমেছে ইরাকি বাহিনী।