২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিগ্রস্তদের হেলিকপ্টার থেকে ফেলে দিয়েছি: দুতের্তে

দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের মাঝ আকাশে হেলিকপ্টার থেকে ঠেলে ফেলে দেওয়ার হুমকি দিয়ে ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে বলেন, অতীতে তিনি এ কাজ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 11:21 PM

Updated : 12 Apr 2022, 03:36 AM

দুতের্তে বলেন, “যদি আপনি দুর্নীতিগ্রস্ত হন, আমি আপনাকে হেলিকপ্টারে করে ম্যানিলা থেকে দূরে কোথাও নিয়ে যাব এবং আপনাকে ঠেলে বাইরে ফেলে দিব।”

টাইফুনে ক্ষতিগ্রস্ত ফিলিপিন্সের মধ্যাঞ্চল সফরের সময় মঙ্গলবার এক বক্তৃতায় একথা বলেন তিনি।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে তার ওই বক্তৃতার একটি ভিডিও অনলাইনে পোস্ট করা হয়েছে।

তিনি হুমকি দিয়ে বলেন, ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে তিনি যে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সেটা যদি কেউ চুরি করার চেষ্টা করে তবে তিনি তাদের ‘হেলিকপ্টার শাস্তি’ দেবেন।

“আমি আগেও এটা করেছি, আবারও কেন আমি এটা করব না?”

তিনি যাদের বা যাকে হেলিকপ্টার থেকে ফেলে দিয়েছেন সে বা তারা একজন জিম্মিকে হত্যা করেছিল বলেও ইঙ্গিত দিয়েছে। তবে কবে বা কোথায় এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি মুখ খোলেননি।

মঙ্গলবারের ওই বক্তৃতার পর বৃহস্পতিবার এবিএস-সিবিএন নিউজের পক্ষ থেকে এ বিষয়ে তার কাছে জানতে চাওয়া হলে দুতের্তে বলেন, “এক ব্যক্তিকে ছুঁড়ে ফেলতে হেলিকপ্টার? যদি এটা সত্যি ঘটনাও হয়, আমি এটা স্বীকার করব না।”

এর আগে ১৬ ডিসেম্বর বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তিকে নিজ হাতে গুলি করে হত্যা করার দাবি করে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের জন্ম দেন দুতের্তে।

যদিও পরে তার মুখপাত্র মার্টিন আনদানার প্রেসিডেন্টকে আড়াল করতে তার সব কথা ‘গুরুত্বের সঙ্গে নিতে কিন্তু সেটা বাস্তব ধরে না নিতে’ পরামর্শ দেন।

প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতের্তে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিচারবর্হিরভূত’ হত্যাকাণ্ডের অনুমতি দেন।