তামিলনাড়ুর আম্মার জায়গায় চিন্নামাই
প্রয়াত জয়রাম জয়ললিতার স্থলাভিষিক্ত হয়েছেন শশীকলা নটরাজ। এআইএডিএমকে পার্টির মহাসচিব নির্বাচিত হয়েছেন তিনি।
একজন সাধারণ গৃহবধু থেকে তামিল নাড়ুর রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর নারীর সবচেয়ে আস্থাভাজন বন্ধুতে পরিণত হওয়া শশীকলা সমর্থকদের কাছে তাদের ‘চিন্নাম্মা’ (ছোট মা)।
গত তিন দশকের বেশি সময় ধরে প্রায় সবসময় জয়ললিতার পাশে থাকা শশীকলাকে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে) পার্টি বা জয়ললিতা সরকারে কখনও কোনও পদে দেখা যায়নি।
তার পরিচয় ছিল, তিনি জয়ললিতার সহযোগী ও বিশ্বাসভাজন। তবে কোনও পদে না থাকলেও দলে এবং রাজ্য সরকারে শশীকলার ব্যাপক প্রভাব ছিল।
এ কারণে ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর শশীকলাই যে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সে বিষয়ে তেমন কোনো সন্দেহ ছিল না।
মধ্যবিত্ত পরিবারের মেয়ে শশীকলার শৈশব কেটেছে থানজাবুর জেলায়। স্বামী এম নটরাজ রাজ্য সরকারের পাবলিক রিলেশন অফিসার ছিলেন।
১৯৭৫ সালে তামিল নাড়ুতে জরুরি অবস্থার সময় চাকুরি হারান এম নটরাজ। ওই সময় পরিবার চালাতে ভিডিও ক্যাসেট ভাড়া দেওয়ার ব্যবসা শুরু করেন শশীকলা।
একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে জয়ললিতার সঙ্গে শশীকলার পরিচয় হয় বলে জানা গেছে।
তারপর থেকে ভিডিও ক্যাসেট দিতে নিয়মিত জয়ললিতার বাড়িতে যেতেন তিনি।
১৯৮০ সালের শেষে দিকে জয়ললিতার বাড়িতে বসবাস শুরু করেন শশীকলা।
জয়ললিতার সঙ্গে শশীকলার এই বন্ধুত্ব সুযোগ তার পরিবারের সদস্যরা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। যদিও ওই অভিযোগ সব সময়ই অস্বীকার করেছেন তিনি।
জয়ললিতাও সব সময় ওই ধরণের অভিযোগগুলো উড়িয়ে দিয়ে বলেছেন, শশীকলা তার ‘সোল সিস্টার'।
