২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড পরিমাণ বৃষ্টিতে অস্ট্রেলিয়ায় বন্যা, নিখোঁজ ৬

অস্ট্রেলিয়ার মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে, এতে ছয়জন নিখোঁজ হয়েছেন এবং বিখ্যাত উলুরু-কাটা জুটা ন্যাশনাল পার্ক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2016, 11:42 AM

Updated : 11 Oct 2022, 09:30 PM

বিবিসি জানিয়েছে, নিখোঁজ ছয়জনের মধ্যে একটি বাচ্চাও রয়েছে এবং ‘বড়দিনের’ পর থেকে এদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সুপার ব্রেন্ডান মুলদুন জানিয়েছেন, পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের একটি প্রত্যন্ত সড়কে তারা আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

‘বড়দিনের’ সময় থেকে শুরু হওয়া ঝড়বৃষ্টিতে সচরাচর শুষ্ক ওই অঞ্চলটিতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, শুষ্ক মাটি কাদায় পরিণত হয়েছে।

এ ধরনের ঘটনা শতাব্দিতে দুইবার হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম) ।

এতে এমনিতে শুষ্ক পর্বতমালা উলুরুজুড়ে প্রচুর জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। নর্দান টেরিটরি ও পশ্চিম অস্ট্রেলিয়ার ওই এলাকাগুলো বন্যার পানিতে ডুবে যাওয়ায় নিখোঁজ পরিবারটির খোঁজে পুলিশকে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে। ওই এলাকায় মোবাইল ফোনেরও কোনো নেটওয়ার্ক নেই।

পরিবারটি একটি দলের সঙ্গে পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকা কিওয়াকারা থেকে নর্দান টেরিটরির কিনতোরে যাচ্ছিল। দলটি গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়ে ফিরে আসে, কিন্তু ওই পরিবারটি বিচ্ছিন্ন হয়ে পড়ে নিখোঁজ হয়ে যায়।

ভারপ্রাপ্ত সুপার মুলদুন বলেন, “তারা কী অবস্থায় আছে তা নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আছি।”

সোমবার কিনতোরে ২৩২ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ডিসেম্বরে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আগের যে রেকর্ড ছিল এ পরিমাণ তার দ্বিগুণ।

এতে কিনতোরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে ওই এলাকার বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।  

নর্দান টেরিটরির পুলিশ জানিয়েছে, পশ্চিম অস্ট্রেলিয়ার সীমান্তের নিকটবর্তী কিনতোরে বন্যায় ২৫টিরও বেশি বাড়ি ডুবে গেছে।

ওই এলাকার প্রধান শহর অ্যালিস স্প্রিং থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর পাপুনিয়া পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উলুরু পর্বতমালার নিকটবর্তী টাউন উলারা পুরোপুরি ডুবে গেছে।

অ্যালিস স্প্রিংয়ের কাছে একটি সড়কে বন্যার পানির তোড়ে একটি গাড়ি তিন আরোহীসহ ভেসে গিয়েছিল। ওই আরোহীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।