ভোটের মাঠে দেখা হলে কে জিততো: কথার যুদ্ধে ওবামা-ট্রাম্প
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তৃতীয়বার ভোটে দাঁড়ানোর সুযোগ থাকলে ডোনাল্ড ট্রাম্পকে তিনি হারাতে পারতেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জবাব দিয়েছেন এক টুইটে। বলেছেন- “কোনো মতেই না।”
টানা দুই দফা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা ওবামার মেয়াদ শেষ হচ্ছে জানুয়ারিতে। আর ২০ জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প, যিনি গত নভেম্বরে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে নির্বাচিত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দুই মেয়াদের বেশি কারও প্রেসিডেন্ট হওয়ার সুযোগ নেই। ওবামা তার সাবেক উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলর্ডকে এক পডকাস্টে বলেন, আমেরিকার জনগণ হয়ত আবারও তাকে সমর্থন দিত।
২০০৮ সালে প্রথম দফার নির্বাচনে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনে জয়ের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী; যদি দাঁড়াতে পারতাম, তাহলে জিততাম। আমার মনে হয়, অধিকাংশ আমেরিকানকে আমি এক কাতারে আনতে পারতাম।
জবাবে ট্রাম্প মনে করিয়ে দিয়েছেন, ওবামার সময়ই বহু কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে অফিস সরিয়ে নিয়েছে। ইসলামিক স্টেটের বিস্তার ঘটেছে। স্বাস্থ্যসেবা কর্মসূচি ওবামাকেয়ারও সুবিধা করতে পারেনি।
হিলারি ক্লিনটনের মুখপাত্র ব্রায়ান ফ্যালনও এক টুইটে বলেছেন, আবার দাঁড়ালে ওবামা জিততেন। আর হিলারিও জিততে পারতেন যদি ভোটের আগে আগে এফবিআই পররাষ্ট্র মন্ত্রী থাকাকালে তার রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ই মেইল সার্ভার ব্যবহার করার ঘটনা নিয়ে নতুন করে টানাটানি শুরু না করত।
অবশ্য ভোটের মাত্র দুদিন আগে তদন্ত সংস্থা এফবিআই ‘রায়’ দেয়, হিলারির ইমেইলকাণ্ডে দোষের কিছু তারা পায়নি। তবে পুরো ঘটনায় ভোটের মাঠ বড় ধরনের ঝাঁকি খায় বলে হিলারি শিবিরের ভাষ্য।
ওবামা বলেছেন, কঠিন পরিস্থিতির মধ্যে হিলারি যা করেছেন, তা চমৎকার। তিনি ট্রাম্পের ভুলগুলো ধরেছেন। তবে ডেমোক্রেটিক পার্টির কর্মসূচি কর্মজীবী মানুষের যে উপকার করেছে, তা নিয়ে আরও প্রচার চালানো যেত।
৮ নভেম্বরের ওই নির্বাচনে ট্রাম্প জিতে নেন ৩০৬ ইলেক্টোরাল ভোট। আর হিলারি পেয়েছিলেন ২৩২টি।
যদিও মোট ভোটের হিসাবে দেখা যায়, ডেমোক্রেট প্রার্থী হিলারি পেয়েছেন ৪৮.২ শতাংশ ভোট, যেখানে রিপাবলিকান পার্টির ট্রাম্পের পপুলার ভোট ছিল ৪৬.১ শতাংশ।
