মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইসরায়েল
ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপন বন্ধের দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন।
শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ভোটে প্রস্তাবটি পাস হয়, যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকে। প্রস্তাবে ভেটো না দিয়ে ভোট দেওয়া থেকে বিরত থাকায় ঘনিষ্ঠ মিত্রদেশ যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল।
প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভোটদানে বিরত থাকার বিষয়টি নিয়ে আলোচনার জন্যই মার্কিন রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরোকে তলব করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রণালয়। আলাদাভাবে প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া অন্য ১০ টি দেশের দূতকেও ডেকে পাঠায় মন্ত্রণালয়।
তবে শুক্রবারের ভোটাভুটি নয়ে ওয়াশিংটনের বিরুদ্ধেই বেশি কড়া ভাষায় কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
ওয়াশিংটনই পেছন থেকে কলকাঠি নেড়ে প্রস্তাব পাসের কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, “যেসব তথ্য আমরা পেয়েছি তা থেকে আমাদের কোনও সন্দেহ নেই যে ওবামা প্রশাসনই এ উদ্যোগ নিয়েছে, এর পক্ষে দাঁড়িয়েছে, প্রস্তাবের ভাষা সমন্বয় করেছে এবং প্রস্তাব পাসের দাবি জানিয়েছে।”
কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সব জায়গায় বসতি স্থাপন অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়। এতে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন উল্লেখ করে বলা হয়েছে, এর ফলে ‘দ্বি-রাষ্ট্রীয় নীতি’তে সংকটের সমাধান ঘটিয়ে স্থায়ী শান্তি স্থাপনের চেষ্টা ব্যাহত হচ্ছে।
