‘সিরিয়ার আল বাবে ৩০ বেসামরিককে হত্যা করেছে আইএস’
সিরিয়ার আল বাব টাউন ছেড়ে পালাতে থাকা বেসামরিকদের ওপর হামলা চালিয়ে অন্তত ৩০ জনকে হত্যা করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা, জানিয়েছে তুর্কি সামরিক বাহিনী।
রোববার আইএসের এই হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে বাহিনীটি।
তুর্কিপন্থি সিরীয় বিদ্রোহীরা সিরীয় সামরিক বাহিনীর প্রত্যক্ষ সমর্থনে কয়েক সপ্তাহ ধরে আল বাব টাউনটি অবরোধ করে রেখেছে।
তুরস্ক সংলগ্ন সিরীয় সীমান্ত থেকে কট্টরপন্থি সুন্নি জঙ্গি ও কুর্দি যোদ্ধাদের সরিয়ে দিতে প্রায় চার মাস আগে সিরিয়ায় অভিযানে নামে তুর্কি সামরিক বাহিনী।
আলেপ্পোর লড়াই শেষ হওয়ার পর সিরিয়ার লড়াইয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে সামনে এসেছে আল বাব।
তুরস্কের সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরের টাউনটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত চারমাস ধরে আইএস ও কুর্দি বাহিনীগুলোকে হটিয়ে টাউনটির দখল নেওয়ার চেষ্টা করছে তুর্কিপন্থি বিদ্রোহীরা।
