ক্যামরুনে বড়দিনের বাজারে আত্মঘাতী হামলা, নিহত ৩
ক্যামেরুনের উত্তরাঞ্চলীয় মোরা শহরে বড়দিনের জিনিস বিক্রির একটি বাজারে আত্মঘাতী বোমা হামলায় এক তরুণ শিক্ষার্থী ও এক নারী নিহত হয়েছে।
হামলায় হামলাকারী নিজে নিহত হওয়া ছাড়াও আরও ৫ জন আহত হয়। আঞ্চলিক গভর্নরের এক সহযোগী মিডজিওয়াবা বাকারি রোববার একথা জানিয়েছেন।
নাইজেরিয়া সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের মোরা শহরে এর আগে বোকো হারাম জঙ্গিদের আত্মঘাতী বোমারুরাই কয়েকবার হামলা চালিয়েছে বলে ধারণা করা হয়।
ক্যামেরুনের এক সেনা রয়টার্সকে জানান, আত্মঘাতী হামলাকারী একজন ভিখারির বেশে পায়ে হেটে বড়দিনের ওই ব্যস্ত বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পাহারাদাররা তাকে আটকালে সে ভয় পেয়ে বিস্ফোরক বেল্টের বিস্ফোরণ ঘটায়। হামলাকারী বাজারের ভেতরে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটালে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হত।
