বিমান ছিনতাই থামিয়ে দিল বিমান ছিনতাই নিয়ে সিনেমার শ্যুটিং
লিবিয়ার একটি বিমান ছিনতাই করে মাল্টা বিমানবন্দরে অবতরণে বাধ্য করার সময় সেখানে বিমান ছিনতাইয়ের কাহিনী নির্ভর একটি চলচ্চিত্রের শ্যুটিং চলছিল।
শুক্রবার দুই ছিনতাইকারী শতাধিক যাত্রী নিয়ে লিবিয়ার একটি বিমান ছিনতাই করে সেটি মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য করে।
প্রায় পাঁচ ঘণ্টা পর সশস্ত্র দুই ছিনতাইকারীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সঙ্কটের শান্তিপূর্ণ সমাপ্তি হয়।
মাল্টার লিজা শহরের মেয়র মাগদা মাগরি নাউদি বলেন, লিবিয়ার আফ্রিকিয়া এয়ারওয়েজের বিমানটি নিয়ে ছিনতাইকারীরা যখন মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তখন এনটেবি সিনেমার ক্রুরা তাদের শ্যুটিং বন্ধ করতে বাধ্য হয়।
“এটা খুবই হাস্যকর কারণ তখন সেখানে একটি সত্যিকারের বিমান ছিনতাইরে ঘটনা ঘটে যায়।”
৪০ বছর আগে উগান্ডায় একটি বিমান ছিনতাইয়ের কাহিনী নিয়ে তৈরি হচ্ছে ‘এনটেবি’ নামের সিনেমাটি।
১৯৭৬ সালের ২৭ জুন চার ছিনতাইকারী তেল আবিব থেকে এয়ার ফ্রান্সের একটি বিমান (২৪৮ জন আরোহী) ছিনতাই করে উগান্ডার এনটেবি বিমানবন্দরে নিয়ে যায়। সেখানে আরও প্রায় চারজন তাদের সঙ্গে যুক্ত হয়। এক সপ্তাহের জিম্মি সঙ্কটের পর ইসরায়েলের সেনাবাহিনী ১০৫ জিম্মিকে মুক্ত করে। ওই ঘটনায় আট ছিনতাইকারীসহ উগান্ডার ২০ সেনা এবং তিন জিম্মি নিহত হয়।
আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
