সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ের ১৪ তুর্কি সেনা নিহত
সিরিয়ায় তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তীব্র লড়াইয়ে ১৪ তুর্কি সেনা নিহত হয়েছেন।
বুধবার আল বাব টাউনে এ ঘটনা ঘটেছে বলে তুর্কি সেনাবাহিনীর বরাতে জানিয়েছে বিবিসি। এ লড়াইয়ে আরো ৩৩ তুর্কি সেনা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আল বাব টাউনটির দখল নিতে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তুর্কি বাহিনী সিরিয়ার তুর্কিপন্থি বিদ্রোহীদের সহায়তা করার সময় এ বিপর্যয়ের শিকার হয়।
অগাস্টে সিরিয়া অভিযানে নামার পর থেকে একদিনে সবচেয়ে বেশি তুর্কি সেনা মৃত্যুর প্রথম ঘটনা এটি।
তুর্কি সেনাবাহিনী জানিয়েছে, আইএসের একাধিক আত্মঘাতী বোমা হামলার কারণে এ বিপর্যয় ঘটেছে।
লড়াইয়ে আইএসের ১৩৮ যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে তুর্কি সেনাবাহিনী; তবে স্বাধীনভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
আলেপ্পোর পর সিরিয়ার লড়াইয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে সামনে এসেছে আল বাব।
তুরস্কের সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরের টাউন আল বাব কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত চারমাস ধরে আইএস ও কুর্দি বাহিনীগুলোকে হটিয়ে টাউনটির দখল নেওয়ার চেষ্টা করছে তুর্কি বাহিনীগুলো।
ওদিকে আলেপ্পো সিরিয়ার সরকারি বাহিনীর পুরোপুরি নিয়ন্ত্রণে প্রায় চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
