বার্লিন হামলা: বাকিংহাম প্যালেসের চারপাশের রাস্তা বন্ধ
বার্লিনে লরি হামলার পর যুক্তরাজ্যের পুলিশ বাকিংহাম প্যালেসের চারপাশে থাকা সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের বাসস্থান বাকিংহাম প্যালেসে একটি সামরিক অনুষ্ঠান (গার্ড চেঞ্জিং) হওয়ার কথা রয়েছে।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা তিন মাসের জন্য দিনে দুই ঘণ্টা বাকিংহাম প্যালেসের আশেপাশের রাস্তা বন্ধ রাখার পরিকল্পনা করেছে। গার্ড চেঞ্জিং অনুষ্ঠান উপলক্ষ্যে বাকিংহাম প্যালেসের সামনে জড়ো হওয়া ভিড়ের সুরক্ষা দিতে পরীক্ষামূলকভাবে তারা প্রতিদিন সড়ক বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, অনুষ্ঠানের দিন সড়ক বন্ধ রাখার পরিকল্পনা করা হলেও সোমবার বার্লিনে সড়কের পাশে একটি বাজারে ভিড়ের উপর লরি চালিয়ে দিয়ে ১২ জনকে হত্যা ও প্রায় অর্ধশতাধিক মানুষকে আহত করার ঘটনার পর আগেভাগেই সড়ক বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, পূর্বসতর্কতা হিসেবে কিছু সময়ের জন্য সড়ক বন্ধ রাখার পরিকল্পনা করা হয়েছে। এটা কোনো বিশেষ গোয়েন্দা তথ্যের প্রতিক্রিয়া নয়।
যুক্তরাজ্যে জঙ্গি হামলার দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি আছে।
এ মাসের শুরুতে যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা প্রধান বলেছিলেন, সিরিয়ার যুদ্ধ-বিক্ষুব্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাজ্য ও তাদের মিত্রদের উপর হামলার পরিকল্পনা করেছে।
