২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো সাও তোমি

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আফ্রিকার দ্বীপরাষ্ট্র সাও তোমি এন্ড প্রিন্সিপি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 04:07 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

সাও তোমির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দ্বীপরাষ্ট্রটি ‘এক চীন নীতির সঠিক পথে ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছে চীন, খবর বিবিসির।

অপরদিকে এ সিদ্ধান্তের নিন্দা করেছে তাইওয়ান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, সাও তোমির বিপুল অঙ্কের অর্থের দাবি মিটাতে না পারাই এর কারণ।

যুক্তরাষ্ট্রের এক চীন নীতি মেনে চলার দরকার নেই, দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করার কিছুদিনের মধ্যেই এ ঘটনাটি ঘটল।

‘এক চীন’ নীতি মূল কথা হল, বিশ্বে চীন বলতে একটি দেশই আছে এবং তাইওয়ান সে দেশের অবিচ্ছেদ্য অংশ। 

সাও তোমির এ সিদ্ধান্তের পর তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশের সংখ্যা কমে ২১টিতে দাঁড়ালো।

১৯৯৭ সালে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিল সাও তোমি।

কোনো দেশ বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চাইলে তাকে অবশ্যই তাইপের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হয়। এ কারণেই বিশ্ব সমাজে তাইওয়ান ক্রমশ নিঃসঙ্গ হয়ে পড়ছে।