২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার সেনারা আলেপ্পো থেকে বিদ্রোহীদের সরে যেতে বলছে

পূর্ব আলেপ্পো থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার সুযোগে সেখানে অবস্থিত বিদ্রোহীদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 10:40 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সিরিয় সেনারা মাইকে বারবার বিদ্রোহীদের এলাকা ত্যাগের আহ্বান জানাচ্ছে এবং রাতে তারা ওই এলাকায় প্রবেশ করবে বলে সতর্ক করছে।

সিরিয় সেনাবাহিনীর পূর্ব আলেপ্পো অভিযানের মধ্যে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে এক সপ্তাহ আগে ওই এলাকায় যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়।

রেড ক্রসের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত পূর্ব আলেপ্পো থেকে ২৫ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এখনও কত মানুষ সেখানে আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা সম্ভব নয়।

তবে বৃহস্পতিবার সিরিয়ায় অবস্থিত জাতিসংঘের বিশেষ দলের দেওয়া তথ্য অনুযায়ী এখনও প্রায় ৪০ হাজার বেসামরিক নাগরিক এবং ১০ হাজার বিদ্রোহী যোদ্ধা এখনো সেখানে আটকা পড়ে আছে।

বিদ্রোহী দলগুলোর শীর্ষ পর্যায়ের এক নেতা বলেন, যেসব বেসামরিক নাগরিক পূর্ব আলেপ্পো ত্যাগ করতে চান তারা সবাই এলাকা ছাড়ার পরই কেবল বিদ্রোহী যোদ্ধারা পূর্ব আলেপ্পো ত্যাগ করবে।

এদিকে, সিরিয়া সরকারের মিত্র রাশিয়া ও ইরান এবং বিদ্রোহীদের সমর্থক তুরস্ক সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে একসঙ্গে কাজ করার কথা বলেছেন।

ওই তিন দেশের প্রতিনিধিরা সিরিয় সরকার ও বিরোধীদের মধ্যে যেকোনো উপায়ে শান্তি স্থাপণে যৌথভাবে প্রতিশ্রুতি দিয়েছেন।

সিরিয়ায় জাতিসংঘের দূত স্তাফান দে মিসতুরা বলেন, “সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে ফেব্রুয়ারিতে জেনেভায় যে আলোচনা শুরু হয়েছিল আমি চাই সেটা পুনরায় শুরু করতে।”

মার্চে সর্বশেষ এ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। গৃহযুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ায় জাতিসংঘের ওই উদ্যোগ ভেস্তে যায়।