২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আন্ডারওয়াটার ড্রোন ফিরিয়ে দিল চীন

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের ওশেনোগ্রাফিক জাহাজ থেকে ছাড়া  যে আন্ডারওয়াটার ড্রোন তুলে নিয়ে গেছে চীনা যুদ্ধজাহাজ সেটি ফেরৎ দিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 01:33 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বিবিসি বলছে, গেল সপ্তায় তুলে নিয়ে যাওয়া ড্রোনটি ফিরিয়ে দেওয়া হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে।

যে স্থান থেকে ড্রোনটি তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার কাছাকাছি সুবিক বের ৯২ কিলোমিটার উত্তর-পশ্চিমাংশে ড্রোনটি হস্তান্তর করা হয়েছে।

পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আইন অনুযায়ী অনুমোদিত সীমানায় যুক্তরাষ্ট্র তার কার্যক্রম চালাবে।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার পর দুপুরে সুন্দরভাবে হস্তান্তর সম্পন্ন হয়েছে।”

এরআগে ড্রোন তুলে নিয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানুষবিহীন ডুবোযানটি ফেরত না নিয়ে সেটি চীনকে রাখতে দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত বলে মন্তব্য করেন।

Image
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বৃহস্পতিবার দক্ষিণ চীন সাগর থেকে ডুবো ড্রোনটি চীনা নৌবাহিনীর একটি জাহাজ তুলে নিয়ে যায় বলে জানিয়েছে পেন্টাগন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে ডুবো ড্রোনটি ফেরত দেওয়ার দাবি জানায় যুক্তরাষ্ট্র।

এ নিয়ে চীনের সঙ্গে একটি সমঝোতা হয়েছে বলে শনিবার সামরিক বাহিনীর ঘোষণার পর এক ট্যুইটে ট্রাম্প বলেন, “চীনকে আমাদের বলা উচিত, তাদের চুরি করা ড্রোনটি আমরা ফেরত চাই না, তারা এটি রেখে দিক!”

এর আগে সকালে এ ঘটনায় চীনকে এক হাত নিয়ে ট্যুইটারে ট্রাম্প বলেন, “তারা জোর করে গবেষণা ড্রোনটি পানি থেকে তুলে নিয়ে গেছে।”

‘আন্তর্জাতিক জলসীমা’ থেকে যুক্তরাষ্ট্রের গবেষণা ড্রোন ‘চুরি’ করাকে ‘নজিরবিহীন ঘটনা’ বলে বর্ণনা করেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের দাবি, ওশেনোগ্রাফিক জাহাজ ইউএসএনএস বোডিচ ওই মানুষবিহীন পানির তলার যানটি (ইউইউভি) আইন মেনেই দক্ষিণ চীন সাগরে সামরিক জরিপ চালাচ্ছিল।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর থেকে যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ হয়ে আছে চীন।

‘এক চীন নীতি’ থেকে ট্রাম্পের প্রশাসন সরে আসবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কূটনৈতিক পর্যায়ে দুদেশের এই টালমাটাল সম্পর্কের সময়ই ঘটনাটি ঘটেছে।