মদের বদলে লোশন পান, রাশিয়ায় ৪১ জনের মৃত্যু
রাশিয়ায় ইরকুটস্ক নগরে মদের বিকল্প হিসেবে অ্যালকহল সমৃদ্ধ বাথ লোশন পান করে অন্তত ৪১ জনের মৃত্যুর পর সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ইরকুটস্কের প্রসিকিউটর স্টানিস্লাভ জুবভস্কি স্থানীয় গণমাধ্যমকে বলেন, “৫৭ ব্যক্তি ওই লোশন পান করেছেন বলে আমরা জানতে পেরেছি। তাদের মধ্যে ৪১ জন মারা গেছে, বাকি ১৬ জনের অবস্থাও আশঙ্কাজনক।”
তবে সোমবারের এ ঘটনায় সরকারি ভাবে নিহতের সংখ্যা ২০ জন জানানো হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিভিন্ন দোকান থেকে মিথানল সমৃদ্ধ হোথর্ন বেরির সুবাসযুক্ত ওই বাথ লোশনের বোতলগুলো সরিয়ে ফেলা হচ্ছে।
যদিও বোতলের গায়ে এটা খাওয়া যাবে না সতর্কবার্তা দেওয়া ছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।
বিবিসির খবরে বলা হয়, এ ঘটনার পর ইরকুটস্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা এ দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।
নিহতদের বেশিরভাগই দরিদ্র এবং তাদের বয়স ৩৫ থেকে ৫০ এর মধ্যে। তবে তারা একসঙ্গে পান করেনি।
সাবেক সভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে বিশেষ করে দরিদ্রদের মধ্যে মদের পরিবর্তে এ ধরণের গৃহস্থলিপণ্য পানের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ দুর্ঘটনাকে ‘নিদারুণ দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ মন্ত্রিসভার এক বৈঠকে কর্তৃপক্ষকে এ ধরণের পণ্য দ্রুত নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন।
টেলিভিশনে এক ভাষণে তিনি বলেন, “এটা একটি নারকীয় ঘটনা এবং আমাদের এটা শেষ করতে হবে।”
গত মাসে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী আলেক্সান্ডার খ্লোপোনিন বলেছিলেন, রাশিয়ার অনেক নাগরিক যেসব ওষুধ ও সুগন্ধিতে ২০ শতাংশের বেশি অ্যালকহল থাকে সেগুলো মদের বিকল্প হিসেবে পান করে।
