২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৫ বছরে পুলিশ হেফাজতে পাঁচশতাধিকের মৃত্যু: এইচআরডব্লিউ

ভারতে ২০১০ সাল থেকে ২০১৫ সালের মধ্যে পুলিশ হেফাজতে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2016, 07:59 PM

Updated : 12 Apr 2022, 03:32 AM

এইচআরডব্লিউ-র সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এই পাঁচ বছরে কোনো কয়েদির মৃত্যুর জন্য কোনো পুলিশ সদস্যের শাস্তি হয়নি।

পুলিশ হেফাজতে মৃত্যুর কারণ হিসেবে ভারতের পুলিশ নিয়মিত ভাবে অসুস্থতা, পালিয়ে যাওয়ার চেষ্টা, আত্মহত্যা ও দুর্ঘটনাকে দায়ী করে বলেও ওই প্রতিবেদনে বলা হয়।

যদিও বেশির ভাগ ক্ষেত্রে অমানুষিক নির্যাতনের কারণেই কয়েদিদের মৃত্যু হয়েছে বলে দাবি মানবাধিকার সংগঠনটির।

এইচআরডব্লিউ সোমবার ১১৪ পাতার এই প্রতিবেদনটি প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, “বেশিরভাগ সময় পুলিশ সন্দেহভাজন হিসেবে আটকের আইন অমান্য করে। সেইসঙ্গে পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে ‍মৃত্যু এবং এর জন্য দায়ী পুলিশ সদস্যরা কোনো শাস্তি পায় না বলেই আমাদের পর্যবেক্ষণে বেরিয়ে এসেছে।”

এইচআরডব্লিউর প্রতিবেদনের সঙ্গে ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে পুলিশ হেফাজতে মারা যাওয়া ১৭টি ঘটনা নিয়ে ‘অধিকতর তদন্ত’ প্রতিবেদনও প্রকাশ করা হয়। যেখানে নিহতদের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, বিচার বিশেষজ্ঞ ও পুলিশ কর্মকর্তাদের ৭০টিরও বেশি সাক্ষাৎকার রয়েছে।

প্রতিটি ঘটনাতেই সঠিক আইন মেনে গ্রেপ্তার করা হয়নি এবং নির্যাতনের মাধ্যমে সন্দেহভাজনকে আরও অরক্ষিত করে তুলেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

এইচআরডব্লিউর দক্ষিণ এশিয়ার পরিচালক মীনাক্ষি গাঙ্গুলি বলেন, “(কয়েদিদের) নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের বিচারের মাধ্যমেই কেবলমাত্র ভারতীয় পুলিশকে জিজ্ঞাসাবাদের সময় মারধর গ্রহণযোগ্য নয় এই বিষয়টি বাঝানো সম্ভব।”

“আমাদের গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ হেফজাতে কয়েদির মৃত্যুর ঘটনা তদন্তের সময় তদন্তকারী পুলিশ তার সহকর্মীকে বিচারের মুখোমুখি কারার পরিবর্তে তাকে বাঁচাতে চেষ্টা করে।”

আইন অনুযায়ী, আটকের পর প্রত্যেক ব্যক্তির মেডিকেল পরীক্ষা অবশ্যই করাতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে ম্যাজিস্ট্রেটের সম্মুক্ষে উপস্থাপণ করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে ভারত সরকার প্রকাশিত পুলিশ হেফাজতে মৃত্যুর ৯৭টি ঘটনার মধ্যে ৬৭টি ক্ষেত্রে হয় পুলিশ আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপণ করতে ব্যর্থ হয়েছে নয়তো ২৪ ঘণ্টার মধ্যেই আটক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এ ধরণের ঘটনায় পুলিশকে দোষী করে অভিযোগ দায়েরের ঘটনাও বিরল।