২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পো নিয়ে পুতিন-এরদোয়ানের ফোনালাপ

সিরিয়ার আলেপ্পোর পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 Dec 2016, 02:30 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

শহরটির বাসিন্দাদের সরিয়ে আনার ক্ষেত্রে যেসব সমস্যা দেখা দিচ্ছে তা দ্রুত কাটিয়ে ওঠার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে রোববারের এই ফোনালাপ হয় বলে এরদোয়ানের কার্যালয়ের সূত্রে জানা গেছে।

ফোনালাপে এরদোয়ান ও পুতিন, মানবিক সহায়তার উদ্যোগ বাড়ানোর পাশাপাশি সিরিয়া সমস্যার রাজনৈতিক সমাধান অর্জনের ব্যাপারে জোর দেন।

কাজাখস্তানে সিরীয় সরকার ও বিরোধী গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের নিয়ে বৈঠকের উদ্যোগ গ্রহণের ব্যাপারেও তারা পুনর্বার আলোচনা করেন বলে ওই সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, রোববার সকালে সিরিয়ার আলেপ্পোর ইদলিব শহরের কাছাকাছি পাঁচটি বাস পুড়িয়ে দেয় বন্দুকধারীরা। এসব বাস সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত কিন্তু বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ ফোয়াহ ও কেফ্রাইয়া নামের দুটি শিয়া প্রধান গ্রামের মানুষজনকে সরিয়ে নেওয়ার জন্য রওয়ানা হয়েছিল।

Image
ফোয়াহ ও কেফ্রাইয়ার অসুস্থ ও আহত মানুষদের সরিয়ে নিতে যাত্রা করা বাসগুলো পুড়িয়ে দেয় বিদ্রোহীরা। ছবি: রয়টার্স

ফোয়াহ ও কেফ্রাইয়ার অসুস্থ ও আহত মানুষদের সরিয়ে নিতে যাত্রা করা বাসগুলো পুড়িয়ে দেয় বিদ্রোহীরা। ছবি: রয়টার্স

সরকার পক্ষ ও বিদ্রোহীদের মধ্যে চুক্তি অনুযায়ী অবরুদ্ধ বাসিন্দাদের সরিয়ে নেওয়ার এই কার্যক্রম শুরু হয়।

ইদলিবে বাস পোড়ানোর ঘটনার জেরে বন্ধ হয়ে যাওয়ার পর রোববার রাত থেকে  পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অংশ থেকে অবরুদ্ধ মানুষদের সরিয়ে নেওয়া ফের শুরু হয়েছে।

আলেপ্পো সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি বলে বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি সিরিয়ার সরকারি বাহিনী পূর্ব আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করেছে।

তবে শহরটির ওই অংশের বিচ্ছিন্ন কয়েকটি অংশ এখনও বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়ে গেছে। মূলত বিদ্রোহীরা সেখানে আটকা পড়ে গেছে।

সরকারি পক্ষের ব্যাপক বোমাবর্ষণে এসব এলাকার বেসামরিক মানুষেরা আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রয়েছেন।

খাবার ও চিকিৎসা বঞ্চিত এসব মানুষ ও অস্ত্র ত্যাগের মাধ্যমে বিদ্রোহী যোদ্ধারা ওই এলাকা ত্যাগ করতে পারবে বলে সরকার পক্ষ ও বিদ্রোহীদের মধ্যে সমঝোতা হয়।