ট্রাম্পের ইসরায়েলি দূত হচ্ছেন কট্টরপন্থি ফ্রাইডম্যান
ইসরায়েল-ফিলিস্তিন সংকটের ‘দ্বিরাষ্ট্রীক সমাধানের’ কট্টর সমালোচক ডানপন্থি ডেভিড ফ্রাইডম্যানকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বেছে নিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।
‘কট্টর ইসরায়েলপন্থি’ বক্তব্যের জন্য পরিচিত ৫৭ বছর বয়সী আইনজীবী ফ্রাইডম্যান পশ্চিম তীরের অধিকৃত ভূখণ্ডে ইহুদিদের বসতি স্থাপণের জন্য ভবন নির্মাণের পক্ষে, যে বিষয়টিকে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন ‘শন্তির পথে বাধা’ বলে বিবেচনা করেছে।
নির্বাচনী প্রচারের সময় ফ্রাইডম্যান যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে ট্রাম্পকে পরামর্শ দিতেন।
নিরপেক্ষ ইহুদিরা ফ্রাইডম্যানের মননোয়নের বিরোধিতা করেছেন। তবে রক্ষণশীলরা তাকে স্বাগত জানিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
এক বিবৃতিতে ফ্রাইডম্যান বলেন, তিনি ‘ইসরায়েলের আদি রাজধানী জেরুজালেমে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে থেকে কাজ করতে আগ্রহী।
স্বাভাবিকভাবেই তার এ বিবৃতিতে ফিলিস্তিনিরা ক্ষুব্ধ হবে।
জাতিসংঘ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি। এছাড়া, গত কয়েক দশক ধরে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিবে অবস্থিত।
তবে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জয়লাভ করলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের অন্যতম প্রধান কারণগুলোর একটি জেরুজালেম।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরায়েল পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে এবং পুরো নগরটিকে তাদের একক রাজধানী হিসেবে বিবেচনা করে।
অন্যদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমকে দেখতে চায়।
এ বিষয়টি ছাড়াও ১৯৬৭ সালের ভৌগলিক সীমানা অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েলকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা বলা হয়ে আসলেও ফ্রাইডম্যান এই ‘দ্বিরাষ্ট্র সমাধান’ নীতির সমালোচনা করে আসছেন। এর মধ্য দিয়ে তিনি কার্যত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠারই বিরোধিতা করছেন।
