প্রতিবন্ধীদের বাসস্থানে রূপান্তরিত হবে হিটলারের বাড়ি
অস্ট্রিয়ায় এডলফ হিটলারের জন্মবাড়িটি প্রতিবন্ধীদের বাসস্থানে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়েছে।
বিবিসি বলছে, অস্ট্রিয়ার পার্লামেন্টে এই বাড়িটি সরকারকে জব্দ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাস করার পরদিন এই ঘোষণা এল।
নব্য-নাৎসিদের তীর্থস্থানে পরিণত হওয়া ঠেকাতে এই বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার দাবিও দীর্ঘদিন ধরে রয়েছে। এই দাবির পক্ষে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ওয়েফগ্যাং সবোতকা।
কিন্তু বৃহস্পতিবার ব্রাউনাউয়ের মেয়র ইয়োহানেস ওয়েইবাচা এবং প্রাদেশিক গভর্নর ইয়োজেফ পিউরিঙ্গার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সবোতকা বৈঠক করে বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেন।
এক বিবৃতিতে এই তিন কর্মকর্তা জানান, “জীবনের একটি সত্য বার্তা” স্বপক্ষে এবং “হিটলারের অপরাধের বিরুদ্ধে একটি সুস্পষ্ট প্রতীক” হিসেবে এটি সংরক্ষণের পক্ষে তারা দাঁড়িয়েছেন।
১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মান সীমান্তে অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাউ অ্যাম ইন এর এই তিনতলা বাড়িটির সবচেয়ে উপরের তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে জন্ম হয় হিটলারের। ছবি: রয়টার্স
বাড়িটির বর্তমান মালিক গার্লিন্ডে পোমার বরাবরই এটি বিক্রি বা সংস্কার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
তবে এখন সরকার বাড়িটি জব্দ করলে ক্ষতিপূরণ পাবেন পোমার।
বাড়ি জব্দে সরকারকে ক্ষমতা দিয়ে পার্লামেন্টে আইন পাসের মধ্যদিয়ে এই স্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে সরকার ও এর মালিকের মধ্যে চলা বিরোধের অবসান হল।
১৮৮৯ সালের ২০ এপ্রিল জার্মান সীমান্তে অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাউনাউ অ্যাম ইন এর তিনতলা বাড়িটির সবচেয়ে উপরের তলায় ভাড়া নেওয়া একটি কক্ষে জন্ম হয় হিটলারের।
