ইজিপ্টএয়ার বিমান দুর্ঘটনা: মিলল বিস্ফোরকের চিহ্ন
ভূমধ্যসাগরে গত মে মাসে বিধ্বস্ত ইজিপ্টএয়ারের বিমানটির নিহতদের দেহবাশেষে বিস্ফোরকের চিহ্ন খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
গত ১৯ মে ৬৬ জন আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি (ফ্লাইট এমএস৮০৪) নিখোঁজ হয়ে গিয়ে পরে ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়।
বিমান বিধ্বস্তের কারণ কি ছিল সে সম্পর্কে স্পষ্ট কোনও ইঙ্গিত মেলেনি। তবে মিশর কর্তৃপক্ষ সন্ত্রাসী হামলার কারণে বিমান বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা প্রকাশ করেছিল।
মিশরের নৌবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে বিমানের কিছু ধ্বংসাবশেষ, আরোহীদের জিনিসপত্র এবং মানুষের শরীরের ছিন্ন অংশ উদ্ধার করতে পারলেও বেশিরভাগই রয়ে যায় সাগরতলে।
বৃহস্পতিবার তদন্তকারীরা নিহতদের দেহাবশেষ থেকে বিস্ফোরকের চিহ্ন খুঁজে পাওয়ার কথা ঘোষণা করার পর মিশরের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এর ভিত্তিতে এখন ওই বিমান দুর্ঘটনার একটি অপরাধ তদন্ত শুরু করা হবে।
বিমানটি কারপাথোস দ্বীপ ও মিশর উপকূলের মাঝামাঝি অবস্থানকালে রেডার থেকে হারিয়ে গিয়েছিল। এর আগে বিমানের ক্রুরা কোনওরকম বিপদ সংকেত পাঠাননি। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ধোঁয়ার সংকেত বেজে উঠেছিল।
শেষ মুহূর্তে বিমানটি হঠাৎ করে ২২ হাজার ফুট নিচে নেমে আসে। সেই সঙ্গে প্রথমে বাঁ-দিকে ৯০ ডিগ্রি ও পরে ডান দিকে পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে সাগরে পড়ে যায়।
উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৩০ জন মিশরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকী ছাড়াও কানাডা, কুয়েত, বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক ছিলেন।
গত মার্চে ইজিপ্টএয়ারের একটি উড়োজাহাজ ছিনতাই করে সাইপ্রাসে নিয়ে যান এক ব্যক্তি। ওই ছিনতাইকারী পরে ধরা দেন, জিম্মি যাত্রীরা সবাই অক্ষত অবস্থায় মুক্তি পান।
এর আগে অক্টোবরে সিনাইয়ের শার্ম আল-শাইখ থেকে রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গ যাওয়ার পথে একটি রুশ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২২৪ আরোহীর সবাই নিহত হন।
মস্কোর পক্ষ থেকে পরে বলা হয়, বিস্ফোরণ ঘটিয়ে ওই বিমান বিধ্বস্ত করা হয়। আইএস জঙ্গিরা এর দায়ও স্বীকার করে।
এরপর আবার ইজিপ্টএয়ারের বিমান বিধ্বস্ত হওয়ার ওই ঘটনায় এরকম হামলার আশঙ্কাই জেগে উঠেছে।
