মিশরে জঙ্গি হাবারার মৃত্যুদণ্ড কার্যকর
ব্যাপক পরিসরে পরিচিতি পাওয়া ইসলামপন্থি জঙ্গি আদেল হাবারার মৃত্যুদণ্ড কার্যকর করেছে মিশর।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হাবারার মৃত্যুদণ্ড রদে করা চূড়ান্ত আবেদন আদালতে খারিজ হয়ে যাওয়ার পরদিন বৃহস্পতিবার ফাঁসিতে ঝুলিয়ে তার দণ্ড কার্যকর করা হয়।
২০১৩ সালের অগাস্টে উত্তর সিনাইয়ে ২৫ জন সেনা সদস্যকে হত্যার দায়ে ২০১৪ সালে হাবারাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ৪০ বছর বয়সী হাবারার মৃত্যু পরোয়ানায় সই করার পর তার দণ্ড কার্যকর করা হয়।
২০১৩ সালের জুলাইয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থি মোহামেদ মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করার ধারাবাহিকতায় দেশটির প্রেসিডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করেন এক সময়ের সেনা প্রধান সিসি।
ক্ষমতায় আসার পর থেকে তিনি ইসলামি উগ্রপন্থিদের বিরুদ্ধে ব্যাপক দমনাভিযান শুরু করেন।
সিনাই প্রদেশের উত্তর সিনাইয়ে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত জঙ্গি গোষ্ঠীর হামলা-সহিংসতার বিরুদ্ধে তাকে লড়াই চালাতে হচ্ছে।
সিসি ক্ষমতা গ্রহণের পর থেকে ওই জঙ্গি গোষ্ঠীর ধারাবাহিক হামলায় শত শত সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
আদালতে হাবারার চূড়ান্ত আবেদন খারিজ হয়ে যাওয়ার পর ইসলামিক স্টেটের সমর্থকেরা অনলাইনে সিসিকে হুঁশিয়ারি জানিয়ে এই দণ্ড কার্যকর করতে নিষেধ করে।
যদিও আইএসের অনুসারী জঙ্গিরা ইসরায়েল, গাজা এবং সুয়েজ খালের সীমান্তবর্তী তাদের শক্ত ঘাঁটি উত্তর সিনাইয়ে হামলার প্রতিই অধিক মনোযোগী, কিন্তু এরপরও গোষ্ঠীটি মিশরের রাজধানী কায়রোতেও প্রাণঘাতী হামলা চালিয়ে থাকে।
সম্প্রতি রোববার কায়রোর প্রধান কপটিক গির্জায় আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। এই হামলায় ২৫ জন নিহত হন।
