২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যাযজ্ঞ চালানোর কথা স্বীকার করলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দোতার্তে দাভাও এর মেয়র থাকাকালে অপরাধে জড়িত সন্দেহে মানুষজনকে ব্যক্তিগতভাবে হত্যা করার কথা স্বীকার করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 11:04 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

গত জুনে ফিলিপিন্সের প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম এমন স্বীকারোক্তি দিলেন দোতার্তে।

সোমবার বিদেশে ভ্রমণে যাওয়ার আগে প্রেসিডেন্ট প্রাসাদে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ স্বীকারোক্তি করেন।

তিনি বলেন, “দাভাওয়ে আমি প্রায়ই নিজে একাজ করতাম। এর মাধ্যমে আমি শুধু তাদের (পুলিশ) দেখাতে চেয়েছি, যদি আমি এটা করতে পারি তবে আপনারা কেন পারবেন না।”

দুই দশক ধরে দক্ষিণের নগর দাভাওয়ের মেয়র ছিলেন দোতার্তে। ওই সময় কঠোর হাতে অপরাধ দমনের জন্য তিনি বেশ সুনাম অর্জন করেছিলেন। যদিও ডেথ স্কোয়াডে মৃত্যুকে সমর্থনের কারণে সমালোচিতও হয়েছিলেন তিনি।

দোতার্তে বলেন, “যখন মেয়র ছিলাম তখন একটি মোটরসাইকেলে করে আমি দাভাও চষে বেড়িয়েছি। বিশাল একটা বাইক নিয়ে আমি চারিদিকে ঘুরেছি, রাস্তায় পাহারা দিয়েছি এবং সমস্যা খুঁজে বেড়িয়েছি। আমি সত্যিই সংঘাত খঁহে বেড়িয়েছি যাতে আমি হত্যা করে পারি।”

তবে একথা বলার কয়েকঘনণ্টা আগেই এবছরের সেরা ফিলিপিনো পুরষ্কারের জন্য দেওয়া এক বক্তব্যে তিনি জোর দিয়ে বলেছিলেন “আমি হত্যাকারী নই।”

বিতর্কিত এবং পরষ্পর বিরোধী বক্তব্যের জন্য দোতার্তে বরাবরই আলোচিত এবং সমালোচিত।

২০১৫ সালে দাভাওয়ে অপরহণ ও হত্যার অভিযোগে সন্দেহভাজন অন্তত তিন ব্যক্তিকে হত্যার কথা স্বীকার করেছিলেন দোতার্তে। ডেথ স্কেয়াডে কথা এর আগে তিনি স্বীকার এবং অস্বীকার দুইই করেছিলেন।

ফিলিপিন্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দোতার্তে।

এরপর থেকে ফিলিপিন্স পুলিশ বিনাবিচারে প্রায় ছয় হাজার মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে বিবিসি। যা নিয়ে যুক্তরাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন ও মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

যদিও মাদক নির্মূলে নিজের এই কৌশল নিয়ে দোতার্তের মধ্যে তেমন কোনো খেদ নেই।

বরং একবার তিনি বলেছিলেন, “হিটলার ৩০ লাখ ইহুদিকে হত্যা করেছে…. আমাদের এখানে ৩০ লাখ মাদকাসক্ত রয়েছে। তাদের হত্যা করতে পারলে আমি খুশিই হব।”

বারবারই দোতার্তে বলেছেন, মানবাধিকার নিয়ে তার কোনও মাথাব্যাথ্যা নেই, বরং যেসব আইনজীবী মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের পক্ষ নিয়েছে তারাও তার মাদক নির্মূল কর্মযজ্ঞের শিকার হতে পারে বলে বিবিসি’কে জানান তিনি।

মানবাধিকার আইনজীবীরা মনে করেন, দোতার্তে যেভাবে বেপরোয়াভাবে পুলিশের হত্যার উদ্দেশে গুলি করার কৌশল সমর্থন করেন তাতে তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে বিচারের ব্যবস্থা করা উচিত।