কায়রোর গির্জায় বোমা হামলার দায় স্বীকার আইএসের
মিশরের রাজধানী কায়রোর কপটিক গির্জায় বোমা হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
রোববারের ওই বোমা হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
এরআগে ওই বিস্ফোরণে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছিলেন বলে জানানো হয়।
বিবিসি বলছে, আইএসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কপটিক খ্রিস্টান গির্জায় তাদের একজন যোদ্ধা আত্মঘাতী হামলা চালিয়েছেন।
এরআগে মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি ২২ বছর বয়সী ওই হামলাকারীর নাম শাফিক মাহমুদ মোহামেদ মোস্তফা বলে ঘোষণা দিয়েছিলেন।
এই হামলা মিশরের সকল জনগণের জন্য বেদনাদায়ক বলে উল্লেখ করেছিলেন সিসি। তিনি হামলায় নিহতদের স্মরণে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেন।
তবে আইএস তাদের বিবৃতিতে হামলাকারীর নাম আবু আবদাল্লাহ আল-মাসরি বলে উল্লেখ করেছে।
মিশরে সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর প্রায়ই ইসলামি জঙ্গিরা হামলা চালিয়ে থাকে।
