সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমাবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় সম্পৃক্ততা থাকায় সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবিসি বলছে, সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এমন অস্ত্র আর সরবরাহ করা হবে না বলে পেন্টাগনের একজন কর্মকর্তা জানিয়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন জানিয়েছে, ইয়েমেনে বিভিন্ন লক্ষ্যে বিমান হামলার ক্ষেত্রে যে ‘ভুলগুলো’ হয়েছে তাতে তারা উদ্বিগ্ন।
চলতি বছরের অক্টোবরে দেশটিতে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে সেখানে বিমান হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হন।
ইয়েমেনের নির্বাচিত সরকারের পক্ষে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালানো সৌদি-নেতৃত্বাধীন জোটকে এই হামলার জন্য দায়ী করা হয়।
হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র নেড প্রাইস পরবর্তী সময়ে সৌদি আরবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতা কোনো ‘ব্ল্যাঙ্ক চেক নয়’।
ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু চালান ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হলেও যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা সীমান্ত নিরাপত্তায় সৌদি আরবকে গোয়েন্দা সহায়তা দিয়ে যাবে।
কর্মকর্তারা তখন আরো জানান, বেসামরিক মানুষ হতাহতের ঘটনা যতদূর সম্ভব কমিয়ে আনার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় অংশ নেওয়া পাইলটদের প্রশিক্ষণ দেবে।
