মেসেডোনিয়ার পার্লামেন্ট নির্বাচনে রক্ষণশীলদের জয়
মেসেডোনিয়ার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পার্টি সামান্য ব্যবধানে জয়ী হয়েছে।
বিবিসি বলছে, রোববার দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন ভিএমআরও-ডিপিএমএনই পার্টি পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৫১ আসনে জয়ী হয়েছে বলে ঘোষিত প্রাথমিক ফলাফলে জানা গেছে।
দেশটির বিরোধী দল সোস্যাল ডেমক্র্যাটরা (এসডিএসএম) ৪৯টি আসনে জয়ী হয়েছে বলে রাষ্ট্রীয় নির্বাচন কমিশন সোমবার জানিয়েছে।
নির্বাচনে দুই দলের মধ্যেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আগেই ধারণা করা হচ্ছিল। ইতিপূর্বে উভয় দলই নিজেদের জয়ী বলে দাবি করেছিল।
এসডিএসএম থেকে মাত্র দুটি আসন বেশি পেয়ে ভিএমআরও-ডিপিএমএনই পার্লামেন্টে খুবই ভঙ্গুর সংখ্যাগরিষ্ঠতা পেল।
রাজনৈতিক স্থবিরতা অবসানে দুই বছর আগে পশ্চিমাদের উদ্যোগে হওয়া চুক্তির অংশ হিসেবে এই নির্বাচন অনুষ্ঠিত হল।
এরআগে অর্ধেক ভোট গণনার পর সামান্য ব্যবধানে এগিয়ে থাকার ফলাফল পেয়ে দেশটির প্রধানমন্ত্রী নিকোলা গ্রুয়েস্কির দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্লাটকো গরচেব দলীয় সদর দপ্তরে সমর্থকদের উদ্দেশে বলেন, “আমরা আজ রাতে, ডিসেম্বরের ১১ তারিখে, আবারও জয়ী হয়েছি।
অন্যদিকে, এসডিএসএম নেতা জোরান জায়েব উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে “আমরা জয়ী!” -ঘোষণা দিয়েছিলেন বলে জানা গেছে।
