২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সংশ্লিষ্টতার সন্দেহে তুরস্কে গ্রেপ্তার ২৩৫

তুরস্কের ইস্তাম্বুলে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা  হামলায় ৪৪ জন নিহতের পর নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) পক্ষ হয়ে কাজ করার সন্দেহে ২৩৫ জনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রণালয় একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2016, 07:25 PM

Updated : 12 Apr 2022, 03:30 AM

বিবিসি জানায়, আটকৃতদের মধ্যে মূল দল কুর্দিস পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইডিপি) কর্মকর্তারাও আছে। ইস্তাম্বুল, আংকারা এবং দেশের দক্ষিণ ও পশ্চিমের প্রদেশগুলো থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার মধ্যরাতের দিকে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা বিস্ফোরণে নিহতদের ৩৬ জনই পুলিশ সদস্য।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে দোগান বার্তা সংস্থার খবরে বলা হয়, “রক্তাক্ত ওই হামলায় আমরা আমাদের ৩৬ জন পুলিশ কর্মকর্তা এবং ৮ জন বেসামরিক নাগরিককে হারিয়েছি, যা অত্যন্ত বেদনাদায়ক।”

পিকেকে’র শাখা কুর্দিস্তান ফ্রিডম হাওকস (টিএকে) এক বিবৃতিতে শনিবারের ওই হামলার দায় স্বীকার করেছে।

হামলার পরদিন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ান সাংবাদিকদের বলেন, “সন্ত্রাসকে সম্পূর্ণরূপে নিমূর্ল না করা পর্যন্ত তুরস্ক লড়াই চালিয়ে যাবে।”

শনিবারের হামলাকারীদের ‘চড়া মূল্য’ দিতে হবে বলেও হুমকি দেন তিনি।