বোমা হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার তুরস্কের
তুরস্কে একটি স্টেডিয়ামে জোড়া বোমা বিস্ফোরণের পেছনে কুর্দিদের হাত থাকার সন্দেহে কুর্দি জঙ্গিদের বিরুদ্ধে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে তুর্কি সরকার।
দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি স্টেডিয়ামের কাছে জোড়া বিস্ফোরণে ৩৮ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ৩০ জনই পুলিশ সদস্য।
এ ঘটনায় আরও দেড়শতাধিক মানুষ আহত হয়েছে।
শনিবার রাতে ইস্তাম্বুলের বেসিকতাস সকার স্টেডিয়ামে একটি ম্যাচ শেষে দর্শকরা চলে যাওয়ার দুই ঘণ্টা পর এক মিনিট ব্যবধানে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, দুটি বিস্ফোরণের মধ্যে একটি গাড়ি বোমা ও অন্যটি আত্মঘাতী বোমা হামলা বলে ধারণা করা হচ্ছে।
তুরস্কের কর্মকর্তারা বলছেন, এ হামলার লক্ষ্য ছিলেন পুলিশ কর্মকর্তারা।
নিহতদের মধ্যে বাকি সাতজন বেসামরিক ও অপর একজনের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান সোইলু।
ওই সময় গুলির শব্দ পাওয়ার কথাও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন। সন্দেহভাজন হিসেবে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন সোইলু।
এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলছেন, “কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) জঙ্গিরাই যে এ হামলা চালিয়েছে যে বিষয়ে কোনো সন্দেহ নেই বললেই চলে।”
ইস্তাম্বুলে পুলিশের প্রধান কার্যালয়ে নিহত পুলিশ কর্মকর্তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সোইলু বলেন, “আজ হোক বা কাল, আমরা আমাদের প্রতিশোধ নেবই। এ রক্ত মাটিতে পড়ে থাকতে দেওয়া হবে না। এজন্য যা কিছুই করতে হোক বা যত মূল্যই দিতে হোক, সেটি আমলে নেওয়া হবে না।”
তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়েপ এরদোয়ানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি।
যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) কে জঙ্গি সংগঠন ঘোষণা করেছে।
যারা পিকেকে’ কে সমর্থন করবে তাদের জন্যও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সোইলু।
এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান শনিবারের ঘটনাকে ‘নিরাপত্তা বাহিনী ও জনগণের’ ওপর ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বেসিকতাস ওবুরসাসপোরের মধ্যে ফুটবল ম্যাচের পরপর এই হামলা চালানোর অর্থ হল, যত বেশি সম্ভব মানুষকে হত্যার উদ্দেশ্য ছিল হামলাকারীদের।
