২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি কুকুর উপহারে পুতিনের ‘না’

জাপান সরকারের পক্ষ থেকে একটি কুকুর উপহার দেওয়ার প্রস্তাবে ‘না’ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 02:29 PM

Updated : 12 Apr 2022, 03:29 AM

এক জাপানি পার্লামেন্ট সদস্যের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। পুতিন কেন উপহার প্রত‌্যাখ‌্যান করলেন তার কারণ জানাতে পারেননি কোইচি হাগিউদা নামের ওই এমপি।

এর আগে ২০১২ সালে পুতিনকে ইউমে একটি মাদি আকিতা কুকুর উপহার দিয়েছিল জাপান, ওই উপহার গ্রহণ করেছিলেন রুশ প্রেসিডেন্ট।

ইউমের সঙ্গী হতে পারবে, এই বিবেচনা থেকে এবার একটি মর্দা কুকুর পুতিনকে উপহার দিতে চেয়েছিল জাপান।

নিজের ব্লগ পোস্টে হাগিউদা লিখেছেন, “দুর্ভাগ‌্যজনকভাবে আমাদের প্রতিপক্ষের কাছ থেকে জানাতে পারলাম, একটি বর উপহার দেওয়ার আমাদের আশা মার খেয়েছে।” 

আগামী সপ্তাহে জাপানে আসছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তখন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে তার শীর্ষ বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। উপহারের প্রস্তাব গ্রহণ করা হলে ওই সফরকালেই পুতিনকে কুকুরটি দেওয়া হতো।

আকিতা কুকুরের উৎপত্তিস্থান উত্তর জাপান।

পুতিনের বাফি নামের একটি মর্দা বুলগেরিয়ান শেফার্ড রয়েছে, ২০১০ সালে বুলগেরীয় প্রধানমন্ত্রী এটি উপহার দিয়েছিলেন।