২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় জ্বালানিবাহী ট‌্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৩০

কেনিয়ার ব‌্যস্ত সড়কে একটি জ্বালানিবাহী ট‌্যাঙ্কার বিস্ফোরিত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 12:00 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

কেনিয়া রেডক্রসের বরাতে বিবিসি জানিয়েছে, রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমের নাইভাশা টাউনে এ ঘটনা ঘটেছে।

উগান্ডামুখি জ্বালানিবাহী ট‌্যাঙ্কারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানো ট‌্যাঙ্কারটি সড়কে থাকা অন‌্যান‌্য যানবাহনকে আঘাত করে, এ সময় বিস্ফোরণসহ জ্বালানিতে আগুন ধরে যায়।

প্রত‌্যক্ষদর্শী মোজেস নানদালবি জানিয়েছেন, বিশাল একটি আগুনের গোলা সড়কে থাকা অন‌্যান‌্য যানবাহনকে গ্রাস করে ফেলে। 

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজনও এই আগুনের পাল্লায় পড়ে গেছে বলে আশঙ্কা করছেন নানদালবি।

কেনিয়ার ন‌্যাশন সংবাদপত্রের প্রতিবেদনে ৪০ জন নিহত ও অন্তত ১২ জন দগ্ধ হওয়ার কথা বলা হয়েছে। 

যেসব যানে আগুন ছড়িয়ে পড়েছিল সেগুলোর মধ‌্যে একটি মিনিবাসও ছিল। বাসটির ১৪ যাত্রীর সবাই মারা গেছেন।

নিয়ন্ত্রণ হারানোর আগে ট‌্যাঙ্কারটি পাহাড় থেকে নিচের দিকে নামছিল বলে জানিয়েছেন কেনিয়ার জাতীয় দুর্যোগ ব‌্যবস্থাপনা ইউনিটের ডেপুটি ডিরেক্টর মওয়াচি পাইয়াস মওয়াচি।

বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, চিকিৎসকদের ধর্মঘট থাকায় সরকারি হাসপাতালগুলো ত্বরিত সাড়া দিতে ব‌্যর্থ হয়।