বিকালেই জয়ললিতার শেষকৃত্য, শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে মোদী
চেন্নাইয়ের মারিনা বিচে এমজিআর-এর সমাধির পাশেই বিকেল সাড়ে ৪টায় শেষকৃত্য হচ্ছে তামিলনাড়ুর প্রথম নারী মুখ্যমন্ত্রী, ভক্তদের প্রিয় ‘আম্মা’ জয়রাম জয়ললিতার।
সোমবার রাতে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার মৃত্যু হয়। চেন্নাইয়ে জয়ললিতার বাড়ি ‘পোজ গার্ডেন’ থেকে তার লাশ নিয়ে রাখা হয়েছে পাবলিক অডিটোরিয়াম রাজাজি হলে জাতীয় পতাকায় মুড়ে।
তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভক্ত-সমর্থক-দলীয় কর্মীরা ভিড় করেছে। ‘আম্মা, আম্মা’ বলে কান্নায় ভেঙে পড়েছেন অনেকেই।
শ্রদ্ধা জানাতে চেন্নাইয়ে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টারে করে রাজাজি হলেও পৌঁছেছেন তিনি।
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে চেন্নাইয়ে পৌঁছতে না পারলেও শোকবার্তা দিয়েছেন। এরপর আবারও চেন্নাইয়ে রওনা হয়েছেন তিনি।
চেন্নাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও শ্রদ্ধা জানাতে রওনা হয়েছেন। শোকবার্তা জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট সিরিসেনা।
অভিনেতারাও রাজাজি হলে পৌঁছে শেষ শ্রদ্ধা জানিয়েছেন জয়ললিতাকে।
শেষ মুহূর্তে বিমানের টিকিট না মেলায় চেন্নাই যেতে পারেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রতিনিধি হিসাবে জয়ললিতার শেষকৃত্যে উপস্থিত থাকছেন দলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার পার্লামেন্টের উভয় কক্ষেই জয়রাম জয়ললিতার মৃত্যুতে শোক প্রকাশ করে অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়েছে।
জয়ললিতার মৃত্যুতে মহারাষ্ট্র বিধানসভার অধিবেশনে শোক প্রস্তাব এনে এক দিনের জন্য মুলতুবি ঘোষণা করা হয়।
রাজ্যের সীমানা পেরিয়ে তা কেরল-বিহার-কর্নাটকেও ছড়িয়েছে। ওই তিন রাজ্যের সঙ্গে সঙ্গে সারা দেশ জুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
