২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পার্ল হারবারে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী আবে

যুক্তরাষ্ট্রের পার্ল হারবার সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। হাওয়াই দ্বীপের এ ঘাঁটিতে জাপানের কোনও প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2016, 08:22 PM

Updated : 12 Apr 2022, 03:27 AM

১৯৪১ সালে  হাওয়াই দ্বীপে যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি পার্ল হারবার আক্রমণ করেছিল জাপান। এ ঘটনার পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। যুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্র মিত্রতা স্থাপন করলেও এ পর্যন্ত দেশটির কোনও প্রধানমন্ত্রী পার্ল হারবারে যাননি।

বিবিসি জানায়, ২৭ ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এই নৌ ঘাঁটি সফর করবেন।

পার্ল হারবারে হামলার ৭৫ বছর পূর্তির দু’দিন আগে জাপানের প্রধানমন্ত্রীর সেখানে সফর যাওয়ার এ ঘোষণা এল।

চলতি বছরের শুরুতে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা সফর করেছিলেন বারাক ওবামা। এরই পাল্টা সফর হিসাবে পার্ল হারবারে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী আবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায়  আণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। ওবামা ওই হামলার জন্য ক্ষমা না চাইলেও পারমাণবিক অস্ত্রমুক্ত একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে হিরোশিমা সফর করেন।

এবার পার্ল হারবারে যাওয়ার আগে জাপানের প্রধানমন্ত্রী আবেও এক বিবৃতিতে বলেছেন, “যুদ্ধের মর্মান্তিকতার পুনরাবৃত্তি আমাদের আর কখনওই করা উচিত হবে না। আমি এই প্রতিজ্ঞা করার পাশাপাশি জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্প্রীতিরই বার্তা দিতে চাই।”

হাওয়াই সফরকালে ওবামার সঙ্গে বৈঠকের আগে হামলাস্থলে নিহতদের স্মরণে প্রার্থনা করবেন দুই নেতা।