ফিদেল কাস্ত্রো সমাহিত
নয় দিন শোক পালনের পর কিউবা বিপ্লবের জন্মভূমি পূর্বাঞ্চলীয় শহর সান্তিয়াগোতে বিপ্লবের নায়ক ফিদেল কাস্ত্রোর ভষ্ম সমাহিত করা হয়েছে।
ফিদেলের দেহভস্মবাহী শকট রাজধানী হাভানা থেকে রওয়ানা হয়ে চারদিনের ভ্রমণ শেষে শনিবার সান্তিয়াগোতে পৌঁছায়।
এরপর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শকটটি সান্তা ইফিজেনিয়া সমাধিস্থালের দিকে এগিয়ে যাওয়ার সময়ও রাস্তায় দেখা যায় জনতার সারি। এ সময় সবাই ছিল বাকরুদ্ধ, অশ্রুসিক্ত।
রোববার ফিদেলের দেহভষ্ম ওই কবরস্থানেই সমাহিত করা হয়। কিউবার স্বাধীনতা আন্দোলনের বীর হোসে মার্তিও এ সমাধিস্থলেই চির শয্যায় শায়িত আছেন।
২৫ নভেম্বর ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন ফিদেল।
শনিবার রাষ্ট্রীয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিদেলকে শেষ শ্রদ্ধা জানায় মানুষ, এতে নেতৃত্ব দেন ফিদেলের বিপ্লবী সহযোগী ও ছোট ভাই কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো; অনুষ্ঠানে বিশ্ব নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাউল, ফিদেলের নেতৃত্বাধীন বিপ্লবের লক্ষ্য ও সমাজতান্ত্রিক নীতির প্রতি অটল থাকার প্রতিশ্রুতি দেন।
প্রয়াত নেতার অনুরোধের প্রতি সম্মান জানিয়ে কিউবার কোনো স্মৃতিস্তম্ভ বা সড়কের নামকরণ ফিদেল কাস্ত্রোর নামে করা হবে না বলে ঘোষণা করেন তিনি।
‘বিপ্লবের নেতা’ ব্যক্তিপূজার সব ধরনের বিকাশের প্রবল বিরোধী ছিলেন জানিয়ে তিনি বলেন, “কিউবায় ফিদেলের কোনো মূর্তি বা আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হবে না।”
ফিদেলের দেহভস্মবাহী শকট রাজধানী হাভানা থেকে শনিবার সান্তিয়াগোতে পৌঁছানোর পর হাজার হাজার মানুষ ‘ফিদেল দীর্ঘজীবী হও!’, ‘আমি ফিদেল’ শ্লোগানে ফেটে পড়ে।
ভেনেজুয়েলা, নিকারাগুয়া ও বলিভিয়ার নেতারাও এ সময় উপস্থিত ছিলেন। ছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ও দিলমা রৌসেফ।
ঐতিহাসিক মনকাদা সেনানিবাস দিয়ে ফিদেলের দেহভস্মবাহী শকট এগিয়ে যাওয়ার সময় উপস্থিত হাজার হাজার কিউবানের অন্যতম তানিয়া মারিয়া জিমেনেজ বলেন, “আমরা যারা ফিদেলকে ভালোবাসি, আমাদের সবার কাছে তিনি পিতার মতো। তিনি আমাদের জন্য পথ পরিষ্কার করে দিয়েছেন, জনগণ তাকেই অনুসরণ করবে।”
প্রয়াত নেতা ফিদেল কাস্ত্রোর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কিউবার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো, সান্তিয়াগো, কিউবা; ৩ ডিসেম্বর, ২০১৬।
এরপর থেকে প্রায় অর্ধশতাব্দি ধরে একদলীয় ব্যবস্থায় কিউবা শাসন করেছিলেন ফিদেল।
সমর্থকরা বলেন, তিনি কিউবাকে কিউবাবাসীর কাছে ফিরিয়ে দিয়েছেন। তার শাসনামলে কিউবার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা বিশ্বমান অর্জন করে, যার কারণে বিশ্বব্যাপী তিনি দারুণ প্রশংসিত।
অপরদিকে সমালোচকরা তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করেন, যিনি বিরোধীতা ও ভিন্নমত সহ্য করতেন না।
২০০৬ সালে স্বাস্থ্যজনিত কারণে বিপ্লবী সহযোগী রাউল কাস্ত্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।
