২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ার কাছে ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

ক্রিমিয়া উপদ্বীপের পশ্চিমে কৃষ্ণসাগরের ওপরে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করেছে ইউক্রেইন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 03:25 AM

২০১৪ সালে ক্রিমিয়াকে নিজ ভূখন্ডের সঙ্গে যুক্ত করে নেওয়া রাশিয়া এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে।

ইউক্রেইনের একজন কর্মকর্তা বলেছেন, আন্তর্জাতিক আইন মেনেই এ পরীক্ষা চালানো হচ্ছে।

এ সপ্তাহের শুরুর দিকে ইউক্রেইন কৃষ্ণসাগরের উত্তরের এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার বিমান চলাচল না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় ইউক্রেইন দূতাবাসে পাঠানো একটি লিখিত বার্তায় ওই এলাকাটি রাশিয়া ফেডারেশনের সমুদ্রসীমার লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে, ওই এলাকায় কোনও ক্ষেপণাস্ত্র সনাক্ত হলে সেটিকে ধ্বংস করা হবে যদি সেটি যদি রাশিয়ার কোনও বস্তুর জন্য হুমকিস্বরূপ হয়।

তবে বৃহস্পতিবার রাশিয়ার ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপজ্জনক এলাকা রাশিয়া ফেডারেশনের সীমানার বাইরে পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেইনের এক সামরিক কর্মকর্তা বলেছেন, ক্রিমিয়ার আকাশসীমা থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরে এ মহড়া চালানো হচ্ছে এবং আন্তর্জাতিক আইন মেনেই এটি করা হচ্ছে।