‘জ্বালানি ফুরিয়ে গিয়েছিল’ ব্রাজিলের ফুটবলারসহ বিধ্বস্ত উড়োজাহাজের
ব্রাজিলের একটি ফুটবল ক্লাবের খেলোয়াড়সহ ৭৭ জন আরোহী নিয়ে কলম্বিয়ার মেদেলিনে যাওয়ার পথে বিধ্বস্ত উড়োজাহাজটির জ্বালানি ফুরিয়ে গিয়েছিল, এটি বিদ্যুৎবিহীন অবস্থায় জরুরি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল।
উড়োজাহাজটির পাইলটের শেষ কথাবার্তার রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে বলে বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবর।
সোমবার রাতের ওই ঘটনায় ৭১ জন নিহত হন, ছয়জন কোনোরকমে বেঁচে যান। এই ঘটনায় বিশ্বের ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বলিভিয়ার চার্টার এয়ারলাইনস লামিয়ায় এলএমআই ২৯৩৩ ফ্লাইটের আরোহীদের মধ্যে ৭২ জন ছিলেন যাত্রী, বাকিরা ক্রু। স্থানীয় সময় সোমবার রাত ১০টার দিকে মেদেলিন শহরের বাইরে কেরো গর্দো পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
ভাড়া করা ওই উড়োজাহাজে ব্রাজিলের শাপোকোয়েনসে ফুটবল দলের খেলোয়াড়রা সাউথ আমেরিকান ক্লাব কাপের ফাইনালে কলম্বিয়ার দল আতলেতিকো নেশিওনালের সঙ্গে খেলতে মেদেলিনে যাচ্ছিলেন। ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য একদল সাংবাদিকও ছিলেন তাদের সঙ্গে। দুর্ঘটনার পর ফাইনাল ম্যাচ স্থগিত করা হয়।
আরোহীদের মধ্যে যে ছয়জন রক্ষা পেয়েছেন তাদের মধ্যে শাপোকোয়েনসে ফুটবল দলের তিন সদস্যও রয়েছেন।
জরুরি অবতরণের অনুমতির অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, “ফুয়েল ইমার্জেন্সি, মিস।”
ওই সময় কাছ দিয়ে উড়ে যাওয়া অপর একটি উড়োজাহাজের কো-পাইলটের বক্তব্যও অডিওর এই কথাবার্তার সঙ্গে মিলে যায়। তিনি জানিয়েছেন, তার উপরে থাকা লামিয়ার উড়োজাহাজটি জ্বালানি ফুরিয়ে যাওয়ার কথা জানিয়ে জরুরি অবতরণে যেতে চাইছিল।
হুয়ান সেবেস্টিয়ান উপেগুই নামের এই কো-পাইলট জানান, লামিয়ার পাইলট ‘মে ডে, মে ডে… আমাদের রানওয়েতে পৌঁছতে সাহায্য করুন… হেল্প, হেল্প’ বলে সাহায্য চাইছিলেন।
কিন্তু এরপরই সব স্তব্ধ হয়ে যায় এবং তারা কান্না করতে শুরু করেন বলে জানান উপেগুই।
বিএই সিস্টেমের তৈরি বিএই ১৪৬ উড়োজাহাজটি মেদেলিনের বাইরে লা ইউনিয়ন টাউনের কাছে পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। এ ঘটনায় ওই তিন খেলোয়াড় ছাড়াও এক সাংবাদিক এবং দুই ক্রু সদস্য বেঁচে যান।
বেঁচে যাওয়া বলিভিয়ান ফ্লাইট টেকনিসিয়ান এরইউন তুমিরি জানিয়েছেন, কঠোরভাবে নিরাপত্তা নির্দেশনা অনুসরণর করেই তিনি নিজেকে বাঁচাতে পেরেছেন, ওই সময় অন্যান্যরা ভীত হয়ে পড়েছিল।
কলম্বিয়ার রেডিও কারাকোলকে তিনি বলেন, “অনেক যাত্রী তাদের আসন ছেড়ে উঠে কাঁদতে শুরু করেন। আমি আমার দুই পায়ের মাঝে ব্যাগটি দিয়ে নির্দেশনা অনুযায়ী ভ্রুণের মতো হয়ে থাকি।”
উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ার এক মিনিটের কম সময় আগে বিদ্যুৎ চলে যায় বলে জানিয়েছেন বেঁচে যাওয়া অপর যাত্রী বলিভিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট জিমেনা সুয়ারেজ।
বেঁচে যাওয়া তিন ফুটবলারের মধ্যে দুজনের অবস্থা স্থিতিশীল হলেও অপরজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন।
