ভারতে সিনেমার আগে হলে বাজাতে হবে জাতীয় সঙ্গীত
ভারতে সিনেমার শুরুতেই হলগুলোতে বাধ্যতামূলকভাবে জাতীয় সঙ্গীত বাজাতে হবে বলে নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।
জাতীয় সঙ্গীত বাজার সময় বড়পর্দায় দেখাতে হবে জাতীয় পতাকা এবং এ সময় সব দর্শককে উঠেও দাঁড়াতে হবে।
আগামী ১০ দিনের মধ্যেই দেশজুড়ে সব সিনেমা হলে এ নির্দেশ কার্যকর করার নির্দেশ বিচারকরা দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
ষাট-সত্তরের দশকে সিনেমা হলগুলোতে জাতীয় সঙ্গীত বাজানোর ব্যবস্থা ছিল। তবে ধীরে ধীরে সেই নিয়ম আর সেভাবে মানা হচ্ছে না। তাছাড়া, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম-কানুন ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম। ২৯ টা রাজ্যে এ ব্যাপারে তাদের নিজস্ব ভিন্ন ভিন্ন আইন আছে।
এখন জাতীয় সঙ্গীত বাজানো নিয়ে সুপ্রিম কোর্টের পদক্ষেপটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতের ভিন্নতা দেখা দিয়েছে। অনেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে।
২০০৩ সালে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করেছিল।
কিন্তু তামিলনাডুতে একই ধরনের নিয়ম করার পর মাদ্রাজ হাইকোর্ট এর বিরুদ্ধে রায় দেয়। মাদ্রাজ হাইকোর্ট বলেছিল, এটি বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি তৈরি করবে।
কিন্তু সুপ্রিম কোর্ট বুধবার তাদের রুলিং এ বলেছে, সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো হলে মানুষের মধ্যে দেশপ্রেম এবং জাতীয়তাবোধের প্রতি অঙ্গীকার জাগ্রত হবে।
