ইরান চুক্তি নিয়ে ট্রাম্পকে সিআইএ প্রধানের হুঁশিয়ার
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করাটা ‘বিপর্যয়কর’ এবং ‘পুরোদস্তুর বোকামি’ হবে বলে নবনির্বাচিত রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান জন ব্রেনান।
বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে পরামর্শ দিয়েও ব্রেনান বলেছেন, রাশিয়ার প্রতিশ্রুতগুলো নিয়ে বরং ট্রাম্পের উদ্বিগ্ন হওয়া উচিত। কারণ, রাশিয়ার কারণে সিরিয়ায় মানুষের ভোগান্তি হচ্ছে।
যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে তিনি ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করবেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
ট্রাম্পের এই দুই পরিকল্পনার বিরুদ্ধেই তাকে সতর্ক করেছেন ব্রেনান।
ইরান গতবছর বিশ্বের ছয় শক্তিধর দেশের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি সই করে।
বিবিসি’র সাক্ষাৎকারে ব্রেনান বলেন, ইরানের সঙ্গে স্বাক্ষরিত ওই চুক্তি পরিহার করাটা বিপর্যয়কর ব্যাপার হবে। প্রথমত: আগের প্রশাসনের করে যাওয়া একটি চুক্তি পরবর্তী প্রশাসনের বাতিল করে দেওয়াটা হবে একটি নজিরবিহীন ঘটনা।
এ ধরনের পদক্ষেপ ইরানে কট্টরপন্থীদেরকে আরও কট্টর করে তুলতে পারে এবং ইরানের নতুন করে পারমাণবিক কর্মসূচি শুরুর উদ্যোগে উৎসাহিত হয়ে অন্যান্য দেশগুলোও এ কর্মসূচি পরিচালনা শুরু করতে পারে। সুতরাং, নতুন মার্কিন প্রশাসনের ইরানের পরমাণু চুক্তি বাতিল করাটা পুরোদস্তুর বোকামি হবে বলেই আমি মনে করি।
ওদিকে, সিরিয়ায় বেসামরিক মানুষ হত্যার জন্য দেশটির সরকার ও রাশিয়াকে দায়ী করেছেন ব্রেনান। সিরিয়ার মধ্যপন্থি বিদ্রোহীদের সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ সাহায্য অব্যাহত থাকা উচিত বলে মনে করেন তিনি। কারণ, তার মতে, সিরিয়া, ইরান, হিজবুল্লাহ ও রাশিয়া সেখানে হত্যাকাণ্ড চালাচ্ছে।
সিরিয়া নিয়ে রাশিয়া আলোচনা চালিয়ে গেলেও কৌশলে তারা তাদের কার্যসিদ্ধি করছে এবং তাদের লক্ষ্য অজর্ন না হওয়া পর্যন্ত রাশিয়া কোনো চুক্তিতে আসতে ইচ্ছুক না বলেই অভিমত ব্রেনানের। এসব কারণেই রাশিয়াকে নিয়ে ভাবার জন্য ট্রাম্পকে পরামর্শ দেন তিনি।
তাছাড়া, হ্যাকিং ও তথ্য প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার প্রভাব বিস্তারের চেষ্টারও সমালোচনা করেন ব্রেনান। তিনি বলেন, রাশিয়া এসব করতে চেয়েছিল। রাশিয়ার এ অপচেষ্টার সরাসরি জবাব দেওয়ার ঝুঁকি না নিয়েও তাদের ওইসব কর্মকান্ড যে গ্রহণযোগ্য না তা মস্কোকে বোঝানোর অন্য অনেক উপায়ই আছে বলে ব্রেনান মন্তব্য করেন।
চার বছর সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে ২০১৭ সালের জানুয়ারি মাসে বিদায় নেবেন ব্রেনান।
তার আগে দিয়ে সিআইএ প্রধান হিসেবে এই প্রথম ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেনান এমন কিছু ক্ষেত্র বিশেষভাবে উল্লেখ করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে বিচক্ষণতার সঙ্গে ও নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে হবে বলে মনে করেন তিনি।
এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সন্ত্রাস সম্পর্কে ভাষার ব্যবহার, রাশিয়ার সঙ্গে সম্পর্ক, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি এবং সিআইএ’র গোপনে কাজ করার সক্ষমতাকে কিভাবে কাজে লাগানো হচ্ছে সেটি।
