২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুপির বাতিল নোট জমা দেওয়ার তারিখ বাড়াবে না ভারত

রুপির বাতিল ঘোষিত নোট ব্যাংকে জমা দেওয়ার তারিখ বাড়ানো হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত সরকার। সেইসঙ্গে কালোটাকা জমা দেওয়ার উপায়ও বাতলে দেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2016, 10:38 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

দুর্নীতি ও কালোটাকার বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ৮ নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরাতন ৫০০ ও ১০০০ রুপির নোট অকার্যকর ঘোষণা করেন।

পুরাতন নোট ব্যাংকে জমা দিয়ে নতুন নোট নেওয়ার জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। এ  সময়সীমার মধ্যেই বাতিল নোট ব্যাংকে জমা পড়তে হবে বলে জানিয়েছে এনডিটিভি।

তবে কালোটাকা কিভাবে জমা দেওয়া যাবে সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি। সোমবার অর্থমন্ত্রী অরুণ জেটলি এ সংক্রান্ত একটি প্রস্তাব লোকসভায় উত্থাপন করেন।

প্রস্তাবে বলা হয়, ৫০ শতাংশ অর্থ ফেরত পাবে এই শর্তে কালোটাকা ব্যাংকে জমা দেওয়া যাবে। যদিও যথা নিয়মে ফেরত পাওয়া অর্থের কর দিতে হবে।

তবে ফেরত পাওয়া ৫০ শতাংশ অর্থের পুরোটা এখনই ব্যবহার করা যাবে না। ওই অর্থের ২৫ শতাংশ প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় যাবে এবং আগামী চার বছর সরকার ওই অর্থ ব্যবহার করবে।

এ অর্থ কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করা হবে। চারবছর পর মালিক অর্থ ফেরত পাবে। এজন্য কোনো সুদ তাকে দেওয়া হবে না। বাকি ২৫ শতাংশ অর্থ মালিক এখনই ব্যবহার করতে পারবে।

যদি কালোটাকার মালিক সরকারের এই শর্ত না মানে তবে তার জমা দেওয়া অর্থের ৮৫ শতাংশ কর এবং শাস্তি হিসেবে কেটে নেওয়া হবে।

অন্যদিকে, আয়কর বিভাগের কর্মকর্তারা যে কালোটাকা জব্দ করবে তার মাত্র ১০ শতাংশ মালিক ফেরত পাবে।

যেহেতু লোকসভায় ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠ তাই ধরেই নেওয়া হচ্ছে, লোক সভায় ওঠা এই প্রস্তাব আইনে পরিণত হতে যাচ্ছে।