ট্রাম্পের ভোট জালিয়াতির দাবি প্রত্যাখ্যান হোয়াইট হাউজের
যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত প্রেসেডেন্ট নির্বাচনে বড় ধরনের ভোট জালিয়াতির যে অভিযোগ তুলেছেন ডোনাল্ড ট্রাম্প তার কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশ্বকে কিছুটা হতবাক করে দিয়ে জয়লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
তবে ইলেক্টোরাল ভোটে তিনি জয়লাভ করলেও পপুলার ভোটে এগিয়ে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।
ট্রাম্পের দাবি, নির্বাচনে কয়েক লাখ অবৈধ ভোট পড়েছে। এসব ভোট বাদ দিলে জনগণের ভোটে (পপুলার ভোট) তিনি জয়ী হয়েছেন।
কিন্তু হোয়াইট হাউজের প্রেস সচিব জশ আর্নেস্ট ট্রাম্পের এ দাবি উড়িয়ে দিয়েছেন। হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এরকম ভিত্তিহীন একটি দাবি নিয়ে আমি কী বলব? এ ধরনের দাবির স্বপক্ষে এখন পর্যন্ত কোনও প্রমাণ নেই।”
রোববার টুইটারে ট্রাম্প লেখেন, “ইলেক্টোরাল ভোটে বড় ব্যবধানে জয়লাভ করার পরও আমি বলছি, যদি আপনি কয়েক লাখ অবৈধ ভোট বাদ দেন তবে দেখা যাবে আমি পপুলার ভোটেও জয়লাভ করেছি।”
ট্রাম্পের টুইটের আগেই গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইন উইসকনসিন রাজ্যের ভোট পুনর্গননার দাবি জানান এবং হিলারি শিবির ওই দাবি সমর্থন করে।
হিলারি শিবির থেকে পেনসিলভানিয়ায়ও ভোট পুনর্গননার উদ্যোগ নেওয়া হয়েছে।
