আলেপ্পোয় এক-তৃতীয়াংশের বেশি এলাকা খুইয়েছে বিদ্রোহীরা
সিরিয়ায় আলেপ্পোর পূর্বাঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা আল শাকুর দখলে নিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। এ নিয়ে সম্প্রতি কয়েকদিনে পূর্ব আলেপ্পোর এক-তৃতীয়াংশেরও বেশি এলাকা বিদ্রোহীদের হাতছাড়া হল বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সিরিয়ার সেনাবাহিনী সোমবার আল-শাকুর দখলে নিয়ে আলেপ্পোয় বিদ্রোহী নির্মূল অভিযানে আরও একধাপ এগিয়েছে। এ এলাকাটি সরকারের দখলে চলে যাওয়ার ফলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দু’ভাগে ভাগ হয়ে গেছে।
সেনারা এখন মাইন এবং বিস্ফোরক নিস্ক্রিয় করতে করতে সামনে এগুচ্ছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় টিভি।
তবে এক বিদ্রাহী কর্মকর্তা আল- শাকুরের পতনের খবর অস্বীকার করেছেন।
আলেপ্পোর পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া মুশকিল হলেও শহরটির অন্য বেশ কয়েকটি এলাকা সরকারের দখলে এসেছে বলেই মনে করা হচ্ছে। বিদ্রোহীদের হাতে এখন খুব সামান্যই এলাকা আছে। আলেপ্পোর উত্তরাঞ্চলে এখনও কিছু এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে বলে ধারণা করা হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণলয় বলেছে, সিরিয়ার সরকারি সেনারা বিদ্রোহীদের কাছ থেকে ১০ টি এলাকা পুনর্দখল করেছে এবং ১শ’রও বেশি বিদ্রোহী অস্ত্রসমর্পণ করে এলাকা ছেড়ে চলে গেছে।
সোমবারও আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিমান হামলা চলছে বলে জানিয়েছেন যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা।
সিরিয়ার সেনাবাহিনী ও এর মিত্ররা গত সেপ্টেম্বরে আলেপ্পো পুনর্দখলে বড় ধরনের অভিযান শুরু করে।
