২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেল ভেঙে পালানোর ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার

ভারতের পাঞ্জাব রাজ্যে কারাগারে দুঃসাহসী হামলা চালিয়ে স্বাধীন খালিস্তানপন্থি হারমিন্দার সিং মিন্টুকে মুক্ত করে নেওয়ার ২৪ ঘন্টার মধ্যে তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 03:24 AM

সোমবার সকালে দিল্লির এক রেলস্টেশন থেকে মিন্টুকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার সকালে পুলিশের পোশাকে আসা একদল বন্দুকধারী পাঞ্জাবের কঠোর নিরাপত্তার নাভা কারাগারে হামলা চালিয়ে মিন্টুসহ অপর পাঁচ বন্দিকে মুক্ত করে নিয়ে যায়। ঘটনার এক দিনের মধ্যে মিন্টুকে ফের আটক করা সম্ভব হলেও পলাতক অপর বন্দিদের খুঁজে পাওয়া যায়নি।

দিল্লিতে অবস্থানরত এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টাকালে মিন্টুর ফোনে আড়িপাতা হয়। এই ফোনের সূত্রধরে দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, সে সম্ভবত নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

কারাগারে হামলার ওই ঘটনার সময় পুলিশের পোশাক পরা ডজনখানেক বন্দুকধারী হাতকড়া পরা দুই ব্যক্তিকে কারাগারে নিয়ে আসে। আদালতে শুনানির পর দুই বন্দিকে কারাগারে ফিরিয়ে নিয়ে এসেছে বলে দাবি করে তারা। ভিতরে প্রবেশ করেই তারা এক পুলিশের রাইফেল ছিনিয়ে নেয়।

এরপর ১০ মিনিটের তারা কারাগারের ভিতরে ১০০ রাউন্ড গুলি ছুড়ে ছয় বন্দিকে মুক্ত করে চারটি গাড়িযোগে পালিয়ে যায় বলে জানা গেছে।

পলাতকদের খোঁজে ঘটনাস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে এক তল্লাশি চৌকিতে একটি গাড়ি লক্ষ্য করে ছোড়া পুলিশের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনাকে ভুল বলে স্বীকার করেছে পুলিশ।

জেলে ভাঙার ঘটনার সঙ্গে জড়িত পালবিন্দার সিং পিন্ডাকে রোববার সন্ধ্যায় উত্তর প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পিন্ডা জানিয়েছে, তারা খুন ও মহাসড়কে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ভিকি গাউন্দারকে মুক্ত করতে কারাগারে হামলা চালিয়েছিল তারা।

মিন্টু ও পালিয়ে যাওয়া অপর বন্দি কাশ্মির সিং এই পরিকল্পনার অংশ ছিল না। মিন্টু জেল ভেঙে পালানোর পরিকল্পনা জেনে যায় এবং এর সঙ্গে যুক্ত হয়ে যায়।