অস্ট্রেলিয়ায় ‘বজ্রঝড় হাঁপানিতে’ মৃত ৬
অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিরল ‘বজ্রঝড় হাঁপানিতে’ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬ এ দাঁড়িয়েছে। এ ছাড়াও অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি বলছে, সোমবার ভিক্টোরিয়া রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বাতাসের কারণে হাজারো মানুষ অ্যালার্জিজনিত হাঁপানিতে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকেরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ শ্বাসকষ্টজনিত সমস্যার হাজারো ফোনকল পেয়েছেন। তারা তাদের সাধ্যমত পরামর্শ দিয়ে যাচ্ছেন।
এক ধরনের শস্য বা ঘাস ভিজে যাওয়ার পর ছোট ছোট টুকরায় ভেঙে যায়। এসব টুকরার কোনো অংশ বাতাসের মাধ্যমে মানুষের ফুসফুসে প্রবেশ করলে শ্বাসকষ্ট দেখা দেয়। এটাকেই বজ্রঝড় হাঁপানি বলা হয়।
এই সমস্যায় আক্রান্ত আটহাজারেরও বেশি মানুষকে দেশটির হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ায় প্রতি ১০ জনে একজন মানুষ হাঁপানিতে ভোগেন। ভুক্তভোগীদের মধ্যে ৮০ ভাগই অ্যালার্জি সমস্যার মুখোমুখি হন।
