২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত দ্বিতীয় শহর সরকারের দখলে

সিরিয়ার পূর্ব আলেপ্পোয় বিদ্রোহী-নিয়ন্ত্রিত দ্বিতীয় শহর সরকারি বাহিনী দখলে নিয়েছে বলে জানিয়েছে সামরিক কয়েকটি সূত্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 11:00 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

তারা জানায়, সেনাবাহিনী ও এর মিত্ররা জাবাল বাদরো পুরোপুরি দখল করে নিয়েছে।

এর কয়েকঘণ্টা আগে বিদ্রোহী কয়েকটি সূত্রে কাছাকাছি হানানো এলাকার পতনের খবর পাওয়া যায়। শহরটি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

বিবিসি জানায়, সরকারি বাহিনী আলেপ্পোর পূর্বদিকে অগ্রসর হতে থাকায় শত শত অধিবাসী শহরটির সরকার-নিয়ন্ত্রিত এলাকায় পালিয়ে যেতে শুরু করেছে।

বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলের জন্য সিরিয়ার সেনাবাহিনীর শুরু করা অভিযান ১৩ দিনে গড়িয়েছে। এ লড়াইয়ে ২৭ শিশুসহ ২১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।

পরিচয়হীন সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, জাবাল বাদরো এবং এর দক্ষিণের হানানো শহর পুরোপুরি পুনর্দখল করা হয়েছে।

তবে বিদ্রোহী পক্ষ থেকে খবরটি এখনও নিশ্চিত করা হয়নি।