পাকিস্তানের নুতন সেনাপ্রধান কামার জাভেদ
পাকিস্তানের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া।
শনিবার প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কার্যালয় থেকে বিদায়ী সেনা প্রধান রাহিল শরিফের উত্তরসূরি হিসেবে বাজওয়ার নাম ঘোষণা করা হয়।
পাকিস্তানের রাজনীতিতে সেনাপ্রধান খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। স্বাধীন হওয়ার পর ৬৯ বছরের মধ্যে প্রায় অর্ধে সময় দেশটিতে সেনা সরকার ক্ষমতায় ছিল।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
পাকিস্তানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন এবং কঠোর হস্তে জঙ্গি দমনে ভূমিকার জন্য বিদায়ী সেনাপ্রধান শরিফ আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত। যদিও প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে ৬০ বছর বয়সী শরিফের তেমন ঘনিষ্ঠতা ছিল না।
নতুন সেনাপ্রধান বাজওয়া দায়িত্ব গ্রহণের পর পাকিস্তানের সেনাবাহিনী ও ক্ষমতাসীন বেসামরিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এছাড়া জয়েন্ট চীফ অব স্টাফ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন লেফ্টেন্যান্ট জেনারেল জুবাইর হায়াৎ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ নওয়াজ শরিফের পরামর্শে প্রেসিডেন্ট মামনুর হুসাইন লেফ্টেন্যান্ট জেনারেল জুবাইর মেহমুদ হায়াৎ এবং লেফ্টেন্যান্ট জেনারেল কামার জাভেদ বাজওয়ার পদন্নোতির প্রস্তাব অনুমোদন করেছেন।”
গত ২০ বছরেরও বেশি পর এই প্রথম পাকিস্তানের কোনো সেনাপ্রধান যথা সময়ে অবসরে গেলেন। আগের বেশিরভাগ সেনাপ্রধান তিন বছরের মেয়াদ পরবর্তীতে বাড়িয়েছেন।
সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং মূল্যায়ন বিভাগের মহাপরিদর্শক বাজওয়া জনগণের কাছে তেমন পরিচিত মুখ নন।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে শুধুমাত্র বাজওয়ার সেনা জীবনের তথ্য দেওয়া হয়েছে।
