২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বায়ু দূষণ: দিল্লিতে আতশবাজি বিক্রি বন্ধের নির্দেশ

ভারতের রাজধানী দিল্লিতে সব ধরণের আতশবাজি বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2016, 06:50 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

শুক্রবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ দিল্লি এবং নিকটবর্তী শহরতলিগুলোতে সব ধরণের আতশবাজি ‘কেনা, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে’। 

অক্টোবরে দিওয়ালি উৎসবের সময় থেকেই দিল্লিতে মারাত্মক ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

যে কারণে এ মাসের শুরুর দিকে দিল্লির সবগুলো স্কুল তিন দিন বন্ধ ঘোষণা করা হয়েছিল।

অতিরিক্ত বায়ু দুষণ রোধে সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতার প্রতিবাদে ৬ নভেম্বর দিল্লির যন্তরমন্তর স্মৃতিস্তম্ভে কয়েকশ মানুষ মুখে মাস্ক পরে বিক্ষোভ করে।

একই দিন মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ  কেজরিওয়াল অতিরিক্ত বায়ু দুষণের সঙ্গে লড়াইয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু কার্যত পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় দিল্লির তিন দম্পতি তাদের সন্তানদের পক্ষে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দায়ের করেন।

ওই দম্পতিদের যুক্তি, তাদের সন্তানদের ফুসফুস এখনও দিল্লির বাড়তে থাকা বায়ু দূষণের মধ্যে শ্বাস নেওয়ার ক্ষমতা অর্জণ করতে পারেনি।

এক কোটি ৬০ লাখ মানুষের নগর দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর একটি।

সেইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে ‘আগামী তিন মাসের মধ্যে আতশবাজিতে ব্যবহৃত ক্ষতিকর উপাদানের প্রভাব খুঁজে বের করার’ নির্দেশ দেওয়া হয়েছে।

দম্পতিদের আইনজীবী গোপাল শঙ্করানারায়ানান সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

বিবিসিকে তিনি বলেন, “এ বছর দিওয়ালির পরপরই দিল্লির বায়ুতে দূষণের মাত্রা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।”

দিওয়ালির পর নিরাপদ মাত্রার তুলনায় দিল্লি বায়ুত দূষণের মাত্রা প্রায় ১০ গুণ বেড়ে যায়।

রাতভর আতশবাজি পুড়িয়ে উৎসবের পর ঘুম থেকে উঠে দিল্লিবাসী ধূসর ধোঁয়ার চাদরে ঢাকা দিল্লি দেখতে পায়।