২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় গণকবর থেকে ৩২ লাশ উদ্ধার

মেক্সিকোর একটি গণকবর থেকে ৩২টি লাশ ও ৯টি মাথা উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 02:30 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

বিবিসি বলছে, মাদকচক্রকেন্দ্রিক সহিংসতায় নিমজ্জিত অঞ্চল থেকে এই লাশগুলো উদ্ধার করা হয়েছে।

তদন্তকারীরা পরীক্ষা করে জানিয়েছেন, জিতলালার পাহাড়ি এলাকায় উদ্ধার হওয়া এই লাশগুলোর মধ্যে ৩১টি পুরুষের এবং একটি নারীর।

দেশটির নিরাপত্তা বিষয়ক একজন মুখপাত্র বলেন, “এটি একটি ভয়ঙ্কর আবিষ্কার”।

তিনি আরো জানিয়েছেন, এ ধরনের আরো কোনো গণকবর রয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হতে অঞ্চলটিতে অনুসন্ধান চলছে।

এ ব্যাপারে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পোচাহুইকো গ্রামের কাছে ১৭টি পৃথক গর্তে লাশগুলোর দেহাবশেষ পাওয়া গেছে।

নিরাপত্তা মুখপাত্র রবের্তো আলভারেজ জানিয়েছেন, অপহরণের শিকার একজনকে খুঁজতে গিয়ে এই গণকবরের সন্ধান পাওয়া গেছে।

গুয়েরেরো প্রদেশের অন্তর্ভুক্ত শহরটিতে সংঘাত ও অপরাধের হার অত্যন্ত বেশি। শহরটিতে উল্লেখযোগ্য পরিমাণ আফিমও উৎপাদিত হয়।

পরিচয় উদ্ধারের জন্য লাশগুলোর দেহাবশেষ রাজধানীতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।