ধর্মঘটে বাতিল লুফথানসার ৯শ’ ফ্লাইট
পাইলটদের ধর্মঘট থামানোর শেষ মুহূর্তের আইনি লড়াইয়ে হারের পর নতুন করে ধর্মঘটের মুখে প্রায় নয়শ’ ফ্লাইট বাতিল করেছে জার্মানির লুফথানসা এয়ারলাইন্স।
বিবিসি’র খবরে বলা হয়, বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে দুদিনের ধর্মঘট শুরু হয়েছে স্থানীয় সময় মধ্যরাত থেকে। এর ফলে প্রায় এক লাখ বিমান যাত্রীকে ভোগান্তিতে পড়তে হবে।
পাইলটদের ইউনিয়নের মুখপাত্র বলেন, “আমি স্পষ্ট করেই বলছি, ধর্মঘটে যাওয়া আমাদের জন্য কোনওভাবেই আনন্দের নয়।”
“যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। তবে আমরা বুঝতে পারছি না কেন লুফথানসা কর্তৃপক্ষ আলোচনার উপযোগী প্রস্তাব দিচ্ছে না। আমরা যে কোনও সময়ই আলোচনার টেবিলে বসতে প্রস্তুত আছি। যে কোনও সময়ই ধর্মঘট তুলে নিতে প্রস্তুত আছি। তবে এজন্য লুফথানসা কর্তৃপক্ষকে অবশ্যই বাজেট বাড়ানোর আগ্রহ দেখাতে হবে।”
তবে লুফথানসার অন্যান্য এয়ারলাইন্সের (ইউরোউইংস, সুইস, অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স) ফ্লাইট যথা সময়ে চলাচল করবে।
বেতন সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে ২০১৪ সালের এপ্রিল থেকে এখন পর্যন্ত ১৪ বার ধর্মঘটে গেছেন লুফথানসার পাইলটরা।
মঙ্গলবার পাইলটদের ধর্মঘট স্থগিতে দুইটি আইনি লড়াই চালাচ্ছিল লুফথানসা কর্তৃপক্ষ।
ওইদিন সন্ধ্যায় ফ্রাঙ্কফুটের একটি লেবার কোর্ট প্রথমে লুফথানসার আবেদন খারিজ করে দেয়। পরে হেসে রাজ্যের লেবার কোর্ট তাদের আবেদন বাতিল করে দেয়।
