আলেপ্পোয় এক সপ্তাহের হামলায় নিহত ২৪৪
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো নগরীতে গত এক সপ্তাহের হামলায় অন্তত ২৪৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’।
সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে সক্রিয় এ মানবাধিকার সংগঠনটি মঙ্গলবার জানায়, গত ২৪ ঘণ্টায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী অবস্থানগুলোর কাছে অগ্রসর হতে থাকা সরকারি বাহিনীর বিমান ও হেলিকপ্টার হামলায় নিহত হয়েছে অন্তত ২২৮ জন। এর মধ্যে ১৪১ জন বেসামরিক নাগরিক, ৮৭ জন যোদ্ধা। অন্য আরও ১৬ জনের কোনও পরিচয় জানা যায়নি।
ওদিকে, আলেপ্পোর পশ্চিমে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিহত হয়েছে ১০ শিশুসহ অন্তত ১৬ জন।
আহত আরও অনেককে হিসাবের মধ্যে ধরলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।
আলেপ্পোয় ক্রমাগত বোমাবর্ষণের ফলে হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত হয়ে চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। কেবল পূর্ব আলেপ্পোয় খোলা রয়েছে কিছু সংখ্যক স্বাস্থ্যকেন্দ্র।
নগরীর ২ লাখ ৫০ হাজার মানুষ চিকিৎসাসেবার অভাবে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আলেপ্পোর পূর্বাঞ্চলে তিন সপ্তাহের অস্ত্রবিরতির পর ১৫ নভেম্বর থেকে আবার হামলা শুরু হয়েছে।
