২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ‘বিয়ে করলে ক্ষমা’র বিল প্রত্যাহার

অপ্রাপ্ত বয়স্ক কোনও মেয়ের সঙ্গে যৌনসম্পর্কের পর তাকে বিয়ে করলে নিপীড়ক ক্ষমা পাবে- বিতর্কিত সেই বিলটি নিয়ে আরও আলোচনার জন্য আপাতত এটি প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 07:56 PM

Updated : 12 Apr 2022, 03:21 AM

কিছুদিন আগে তুরস্কের পার্লামেন্টে এ বিল উত্থাপনের পর ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ ওঠে। জনরোষ এখনও রয়েছে এবং বিরোধীদল ও নাগরিকদের সামাজিক সংগঠনগুলো বিলটি পুরোপুরি বাতিলের দাবি জানাচ্ছে।

প্রস্তাবিত বিলটিতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি যৌন নিগ্রহের শিকার হওয়া মেয়েটিকে বিয়ে করলে তার সাজা মওকুফ হবে। তার বিচারও খারিজ হবে। যারা না বুঝে কমবয়সী কোনও মেয়ের সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত হয়েছে তাদেরকে বিয়ে করার সুযোগ দেয়াও এর উদ্দেশ্য।

তবে সমালোচকরা বলছেন, এ বিল পাস হলে ধর্ষণকে আইনি বৈধতা দেওয়া এবং বাল্যবিবাহকে উৎসাহ দেওয়া হবে।

জাতিসংঘের বিভিন্ন সংস্থাও এ আইন পাস না করার আহ্বান জানিয়ে বলেছিল, এতে যৌন নিপীড়ন এব বাল্যবিবাহ মোকাবেলার চেষ্টা ব্যাহত হবে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, বেশ কিছু আইনি ব্যবস্থা সংশোধনীর অংশ হিসেবে বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয় এবং চূড়ান্ত ভোট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, খসড়া বিলটি পার্লামেন্টের সাধারণ অধিবেশন থেকে প্রত্যাহার করে পুনরায় যাচাই করে দেখার জন্য একটি কমিশনের কাছে পাঠানো হবে। পাশাপাশি বিলটির ব্যাপারে বিরোধীদল এবং নাগরিক সমাজের মতামতও জানতে চাওয়া হবে।

তুরস্ক সরকারের দাবি, অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা বা তার পরিবারের সম্মতিতে বিয়ে করার পরও যেসব পুরুষের কারাদণ্ড হয়েছে তাদের পুনর্বাসনেও এ বিল কাজে আসবে।

তুরস্কের আইনানুযায়ী, মেয়েদের সর্বনিম্ম বিয়ের বয়স ১৮ বছর। কিন্তু ধর্ম এবং প্রথার অজুহাত দেখিয়ে সেখানে বাল্যবিবাহের হার অনেক বেশি।

এ বিষয়ে তুরস্কের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক আলিফ শাফাক বিবিসি’কে বলেন, “প্রস্তাবিত বিলের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি হচ্ছে সেখানে থাকা শব্দ, সম্মতি।”

“ওটা দিয়ে কী বোঝানো হচ্ছে? এখানে আমরা শিশুদের নিয়ে কথা বলছি। তাই যদি ধর্ষণকারী ধর্ষণের শিকার শিশুটির পরিবারের সঙ্গে সমঝোতা করে, যদি সে শিশুটির পরিবারকে ঘুষ দেয় বা হুমকি দেয়। তাহলে নিপীড়িতর পরিবার যে সহজেই তাদের অভিযোগ তুলে নেয় তা নিশ্চয়ই আপনি জানেন। তারপর তারা বলে, ঠিক আছে এটি সম্মতিতেই হয়েছে এবং কোনও জোর জবরদস্তি হয়নি।”

অন্যদিকে, ক্ষমতাসীন একেপি এমপি কাভাকি খান বলেন, বিলটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

“বিলটি ওই সব তরুণ নারীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য করা হয়েছে যাদের সাংস্কৃতিক অথবা অন্যান্য কারণে অপ্রাপ্তবয়সে বিয়ে হয়েছে এবং বর্তমানে তাদের স্বামীরা কারাগারে থাকায় সন্তানদের নিয়ে  মানবেতর জীবন যাপন করছে।”

“উদাহরণ হিসেবে বলা যায়, যখন ১৫ বছর বয়সী একটি মেয়ে এবং ১৭ বছর বয়সী একটি ছেলের বিয়ে হয় তখন তারা উভয়ই অপ্রাপ্ত বয়স্ক। কয়েক বছর পর তাদের সন্তান হয় এবং তারা সন্তানের জন্ম নিবন্ধন করতে যায় অথবা চিকিৎসকের কাছে যায়। তখন দেখা যায়, ওই চিকিৎসক বা কর্মকর্তারা তাদের অপ্রাপ্ত বয়সে বিয়ের খবর কর্তৃপক্ষকে জানিয়ে দেয় এবং পুলিশ তাদের ধরে নিয়ে যায়। অথচ তাদের বয়স এখন ২৪-২৫ বছর।”