মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল
মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করেছে সর্বোচ্চ আপিল আদালত ।
একইসঙ্গে গাজার শাসনে থাকা ফিলিস্তিনি দল হামাসসহ অন্যান্য বিদেশি সংগঠনের সঙ্গে মিলে ষড়যন্ত্রের মামলার পুনর্বিচারেরও নির্দেশ দিয়েছে কোর্ট অব সেসেশন। এ মামলাতেই গত বছর দোষী সাব্যস্ত হয়েছিলেন মুরসি ও তার সমর্থকরা।
এর সাজা হিসাবে আদালত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়ার প্রায় ১৭ মাসের মাথায় তা বাতিল করল।
এ নিয়ে দ্বিতীয়বার আপিল জিতলেন মুরসি। গত সপ্তাহে আরও একটি মামলায় তার মৃত্যুদণ্ড বাতিল করেছিল একই আদালত।
আরব বসন্তের সময় মিশরে আন্দোলন চলাকালে মুরসি কয়েদিদের জেল ভেঙে বেরিয়ে যেতে দিয়েছেন বলে তার বিরুদ্ধে আনা অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত।
মঙ্গলবার কোর্ট অব সেসেশন মুরসির যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করাসহ তার দল মুসলিম ব্রাদারহুডের আরও ১৬ জন সদস্যের যাবজ্জীবন সাজাও বাতিল করেছে। মামলার পুনর্বিচারের কোনও নতুন দিনও এখনও নির্ধারিত হয়নি।
২০১১ সালের শুরুর দিকে গণঅভ্যুত্থানে মিশরের স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর ২০১২ সালে দেশটির প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসি।
ক্ষমতা গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালের জুলাইয়ে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুরসি। ক্ষমতা নেন তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি।
এরপরই মিশরে নিষিদ্ধ হয় মুরসির দল মুসলিম ব্রাদারহুড। গ্রেপ্তার হয় দলটির হাজার হাজার নেতাকর্মী। তাদের বিরুদ্ধে দায়ের হয় বহু মামলা।
