২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলেপ্পোয় বোমাবর্ষণে চিকিৎসা ব্যবস্থা অচল

সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি বাহিনীর ব্যাপক বোমাবর্ষণে সেখানকার চিকিৎসা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 20 Nov 2016, 07:16 PM

Updated : 12 Apr 2022, 03:20 AM

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গত পাঁচ দিন ধরে সরকারি বাহিনীর ব্যাপক বিমান হামলা এবং কামানের গোলা নিক্ষেপের কারণে সেখানকার সবগুলো অস্থায়ী হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।

সিরিয়ায় ডব্লিউএইচও-র প্রতিনিধি এলিজাবেথ হফ শনিবার রয়টার্সকে বলেন, “তুরস্ক সীমান্ত ভিত্তিক বেসরকারি সংস্থাগুলো আলেপ্পোর পূর্বাঞ্চলে সবগুলো হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে আজ আমাকে নিশ্চিত করেছে।”

তিন সপ্তাহ স্থগিত থাকার পর মঙ্গলবার থেকে সিরিয়ার সরকার ও তাদের মিত্র বাহিনী আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বড় ধরনের হামলা শুরু করে।

অন্য কয়েকটি সংস্থার পক্ষ থেকে বলা হয়, দু’একটি হাসপাতালে এখনও চিকিৎসা সেবা অব্যাহত থাকলেও হামলার ভয়ে লোকজন সেখানে চিকিৎসা নিতে আসছে না।

‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, এত ব্যাপক আকারে বিমান হামলা হচ্ছে যে বাসিন্দারা হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে ভয় পাচ্ছে।

রয়টার্সের খবরে বলা হয়, হাসপাতাল ভবনগুলোতে বিমান হামলার পর চিকিৎসকরা মাঠে তাঁবুর মধ্যে চিকিৎসা দিয়ে আসছিল। কিন্তু চিকিৎসা সরঞ্জামের অভাব মারাত্মক আকার ধারণ করায় তাও এখন কঠিন হয়ে পড়েছে।

সাম্প্রতিক বোমা হামলায় আলেপ্পোর পূর্বাঞ্চলের সড়কগুলো জনমানবহীন হয়ে পড়েছে। নিজ নিজ বাড়িতে আশ্রয় নিয়ে স্থানীয় বাসিন্দারা প্রাণ বাঁচানোর চেষ্টা করছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে আলেপ্পোর হাসপাতালে হামলাকে ‘জঘন্য’ বলে বর্ণনা করা হয়েছে।

আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধারকাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের পক্ষ থেকে বলা হয়, শনিবার আলেপ্পোর উত্তরাঞ্চলে হামলায় অন্তত ৬১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।